জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। সদর উপজেলার দক্ষিণ রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: মইনুল হক ও নজরুল ইসলাম। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান, দক্ষিণ রামনগর গ্রামের নজরুল ইসলাম ও জিন্নাত আলীর মধ্যে ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁরা পরস্পর চাচাতো ভাই। উভয় পক্ষ এর আগে জমি নিয়ে পাল্টাপাল্টি মামলাও করেছে। জমিটি নজরুল ইসলামের দখলে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে জিন্নাত আলীর লোকজন জমি দখল করতে যায়। এ সময় নজরুল ইসলামের পক্ষের লোকজন তাতে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে জিন্নাত আলীর পক্ষের মইনুল হক (৩৫) নিহত হন। এই পক্ষের কাজল (৩৫), আজাদ হোসেন (৪০) ও ইকরাম আলী (২৮) আহত হন। অপর পক্ষের নজরুল ইসলাম (৫০) ও তাঁর ভাগনে হান্নু বিশ্বাস (৩২) আহত হন। যশোর হাসপাতালে নেওয়ার পর নজরুলের মৃত্যু হয়।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধে এই হতাহতের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। কোনো পক্ষ এখনো মামলা করেনি। কাউকে আটক করাও হয়নি।