জমি হারানোর আশঙ্কায় পাল্লাতলবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামরা চুক্তি-টুক্তি বুঝি না। বুঝি মানুষের কষ্ট, পেটের কষ্ট। ভিটামাটি গেলে মানুষজন যাইব কই, খাইব কী!’৫ অক্টোবর ক্ষোভ ও দুঃখের সঙ্গে কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা-বাগানের শ্রমিক গৌরী গোয়ালা (৪৫)।এই ক্ষোভ শুধু গৌরীর একার নয়, সেখানকার প্রায় তিন হাজার মানুষের। পাল্লাতল সীমান্তে বাংলাদেশের ‘অপদখলে’ থাকা প্রায় ৩৬০ একর জায়গার ‘ভবিষ্যৎ’ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে কয়েক মাস ধরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। জায়গাটি ভারতে চলে গেলে ঘরবাড়ি হারাবে সেখানকার বাসিন্দারা।গত সেপ্টেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের ব্যাপারে প্রটোকল সই হয়েছে। তবে ঠিক কবে বিনিময় হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রটোকলে পাল্লাতলের অপদখলীয় জমির ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে, তাও জানা যায়নি।এলাকাবাসী ও জরিপ অধিদপ্তর সূত্র জানায়, পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর প্রধান সীমান্ত খুঁটির এক নম্বর উপখুঁটি (সাবপিলার) থেকে ১৩৭৪ নম্বর প্রধান সীমান্ত খুঁটির এক নম্বর উপখুঁটি পর্যন্ত প্রায় ৩৬০ একর জায়গা বাংলাদেশের অপদখলে আছে। এর বিপরীতে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা। ৩৬০ একরের ভেতরে শতবর্ষী পাল্লাতল চা-বাগানের জায়গা এবং আদিবাসী খাসিয়া ও গারোদের পানজুম রয়েছে। ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাস থেকে সীমান্তে যৌথ জরিপদলের উদ্যোগে জরিপ শুরু হয়। মাঠপর্যায়ের কাজ শেষের পর গত ৩ সেপ্টেম্বর জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্তে যৌথ জরিপদল লাঠিটিলাসহ পাল্লাতলের নির্দেশক মানচিত্রে স্বাক্ষর করে। এরই পরিপ্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে সীমান্ত প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে জরিপকাজ চলাকালে অপদখলীয় বেশির ভাগ জায়গা ভারতকে ছেড়ে দেওয়া হচ্ছে, এ রকম খবরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর বাধায় গত ২৮ আগস্ট যৌথ জরিপদল কাজ না করে ফিরে যায়। এ ছাড়া জায়গা রক্ষার দাবিতে লোকজন বিক্ষোভ ও মানববন্ধন করে।যৌথ জরিপদলের একটি সূত্র জানায়, নির্দেশক মানচিত্রে পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর প্রধান সীমান্ত খুঁটির ৩ নম্বর উপখুঁটি থেকে ১৩৭১ নম্বর প্রধান সীমান্ত খুঁটির ছয় নম্বর উপখুঁটি পর্যন্ত ৫৭ একর এবং ১৩৭২ নম্বর প্রধান সীমান্ত খুঁটি থেকে এর ২ নম্বর উপখুঁটি পর্যন্ত ১৭ দশমিক ৫ একর জায়গা বাংলাদেশের ভেতরে দেখানো হয়েছে। বাকি জায়গা পড়েছে ভারতের সীমানার মধ্যে।সম্প্রতি সরে-জমিনে দেখা গেছে, ভারত সীমান্তঘেঁষা শতবর্ষী পাল্লাতল চা-বাগান। এর মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ। দুই ধারে চা আর বিভিন্ন জাতের গাছগাছালিতে ভর্তি ছোট-বড় সবুজ টিলার সারি। ফাঁকে ফাঁকে জনবসতি। এক পাশে আদিবাসীপল্লি। চা-বাগানের কারখানার সামনে দেখা হয় শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি রাজকুমার ভাগিতর (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘সীমান্ত নিয়া দুই দেশের চুক্তি হইছে জানছি। পাল্লাতলের ব্যাপারে কী চুক্তি হইল জানি না। হামরা কিন্তু জায়গা ছাড়মু না। জীবন দিয়া হইলেও তা বাঁচাইমু।’আদিবাসীপল্লির প্রধান (হেডম্যান) লুকাস বাহাদুর (৫০) বলেন, ‘ভিটামাটি-জীবিকা হারানোর ভয়ে যৌথ জরিপদলকে লোকজন কাজ করতে দেয়নি। এলাকায় বিক্ষোভ-মানববন্ধন হয়েছে।’পাল্লাতল চা-বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেনের ভাষ্যমতে, যে জায়গা ভারতে পড়েছে বলে শোনা যাচ্ছে, সেখানে বাগানের তিনটি সেকশন এবং খাসিয়া-গারোদের বসতভিটা ও পানজুম আছে। জায়গাটি হারালে সাত-আট শ পরিবারের চরম ক্ষতি হবে। তিনি বলেন, ১৯৯৩-৯৪ সালের দিকে ভারত মাপজোখ করে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়। লোকজন এত দিন অনেকটা নিশ্চিন্ত ছিল। এখন সবাই দুশ্চিন্তায় পড়ে গেছে। চুক্তির তথ্য সঠিক হলে বেড়া ছাড়িয়ে অনেক জায়গা ভারতে ঢুকে যাবে।মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পাল্লাতল সীমান্তে জরিপের ফলাফল বা এ সংক্রান্ত প্রটোকল চুক্তির বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য তিনি পাননি।সম্পাদিত সীমান্ত প্রটোকল চুক্তিতে পাল্লাতলের ‘অপদখলীয়’ জায়গার বিষয়ে কী বলা হয়েছে, জানতে চাইলে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) মো. ইকবাল প্রথম আলোকে বলেন, ‘শুধু এটুকু বলব, বাংলাদেশের অপদখলীয় জায়গার মধ্যে আংশিক কিছু জায়গার বিষয়ে ভারত স্বীকৃতি দিয়েছে।’ বিস্তারিত তথ্যের জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন।