জমিতে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০ শতাংশ কর দিয়ে জমিতে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ ছিল ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে তা প্রত্যাহার করে অর্থ বিল পাস করেছে জাতীয় সংসদ। এ ছাড়া সংশোধিত অর্থ বিলে বেশ কিছু ক্ষেত্রে কর, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) কমানো ও প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে। এ জন্য বেলা ১১টায় আবার অধিবেশন বসবে।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল শনিবার সংশোধিত অর্থ বিলটি পাস হয়। এর আগে বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমান সরকারের আমলে এবারই প্রথম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাজেট আলোচনায় অংশ নেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আটটি ক্ষেত্রে কর ও শুল্ক প্রত্যাহার বা কমানোর প্রস্তাব করেন। এগুলোর মধ্যে ছিল নিউজপ্রিন্টের ওপর শুল্ক কমানো, ক্যানসার চিকিৎসাসামগ্রী ও অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির ওপর থেকে কর প্রত্যাহার, বিড়ি, প্লাস্টিক ও তৈজসপত্রের ওপর থেকে কর কমানো ইত্যাদি। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব তাঁর কাছে আদেশ। সেগুলো তিনি বিবেচনা করছেন। তার সঙ্গে সব মিলিয়ে বেশ কিছু সংশোধনীসংবলিত অর্থ বিল সংসদে পাস করা হয়। তবে রাত ১০টা ২৪ মিনিটে অর্থ বিল পাসের সময় খালেদা জিয়া সংসদে উপস্থিত ছিলেন না। অর্থ আইনে কর আদায়ের পরিকল্পনায় বেশ কিছু সংশোধন আনা হলেও আগামী অর্থবছরে সরকারের মোট রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে করেছিলেন, তা একই রাখা হয়েছে। অর্থমন্ত্রী বিরোধীদলীয় নেতার বাজেট আলোচনায় কিছু বক্তব্য খণ্ডন করেন। তিনি বলেন, ‘বলা হচ্ছে, রাজস্ব আদায় হবে না, তাই বাজেট বাস্তবায়ন হবে না।’ অর্থমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, এই সরকারের আগে ১৮ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ। আর এই সরকারের সাড়ে চার বছরে তা হয়েছে ২৭ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে রাজস্ব আদায় নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বলা হয়, ১৪ শতাংশের বেশি রাজস্ব আদায় হয় না। কিন্তু তথ্যটি সঠিক নয়, ২২ শতাংশের বেশি একাধিকবার রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার রয়েছে।’ আর আগামী বছরের জন্য তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ২০ শতাংশের কিছু বেশি। তিনি পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন না পাওয়া, শেয়ারবাজার প্রসঙ্গে, যুক্তরাষ্ট্রের শুল্কসুবিধা জিএসপি বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, পদ্মা সেতু তৈরি করতে বর্তমান সরকার যে ছকে হাঁটছে, আগামী সরকারও সেই ছকেই এগোবে। অর্থ বিল পাসের আগে জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সাংসদেরা সরকারের তীব্র সমালোচনা করেন। জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অপ্রাসঙ্গিক কথা বললে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের বিলের ওপর কথা বলার আহ্বান জানান। বিলের ওপর বিরোধী দলের মোট ১৮ জন সদস্য আলোচনা করেন। বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দীন চৌধুরী প্রস্তাব করেন, অর্থ বিল পাস না করে আগামী ৩১ জুলাই বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানো হোক। তবে অর্থ বিলসংক্রান্ত বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদের জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিরোধী সাংসদদের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, মার্চ মাস থেকে বাজেট নিয়ে আলোচনা শুরু হয়ে বিভিন্ন পর্যায় শেষে বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করা হয়। তিনি বলেন, এখন জনমত যাচাইয়ের নামে সরকারের সমস্ত কর্মকাণ্ড আটকে দেওয়ার প্রস্তাবগুলো উদ্ভট। প্রস্তাবগুলোকে বিবেচনা করার কোনো কারণ নেই।এরপর সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, জাসদের শাহ জিকরুল আহমেদ, আওয়ামী লীগের শাহরিয়ার আলম ১৬টি ক্ষেত্রে বেশ কিছু পণ্যে প্রস্তাবিত কর, শুল্ক, সম্পূরক শুল্ক ও মূসক সংশোধনের প্রস্তাব করেন।প্রধানমন্ত্রীর বাজেট ব্যাখ্যা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা জাতিকে কীভাবে একটা রাজনৈতিক দল গড়ে তুলতে চায়, তা তাদের বাজেটে থাকে। তিনি তাঁর সরকারের বাজেটের দার্শনিক দিক তুলে ধরে বলেন, তাদের লক্ষ্য হলো দেশের দারিদ্র্য বিমোচন, খাদ্যনিরাপত্তা, সামাজিক নিরাপত্তা গড়ে তোলা। মানুষের মৌলিক অধিকার অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা। প্রতিবছরের বাজেটের মাধ্যমে তাঁর সরকার সেই অগ্রগতির প্রতিফলন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমলে দেশে দারিদ্র্যের হার ছিল ৪১ শতাংশ, যা এখন ২৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার ৫৮ শতাংশের অর্ধেকে নামিয়ে আনার কথা। কিন্তু তার দুই বছর আগেই অর্থাৎ ২০১৩ সালে এই লক্ষ্যমাত্রা অর্জন করা গেছে। বিরোধীদলীয় নেতার সমালোচনা: খালেদা জিয়া বাজেটের ওপর আলোচনায় বলেন, ২০১২-১৩ অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২ শতাংশ। অর্জিত হয়েছে ৬ শতাংশের মতো। জিডিপি এ প্রবৃদ্ধির কারণে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন আরও বিলম্বিত হবে।খালেদা জিয়া বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস মূলত বিনিয়োগ। কিন্তু চলতি বছর বিনিয়োগ পরিস্থিতি মোটেই সন্তোষজনক ছিল না। শিল্পের কাঁচামালের আমদানি, মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে। বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ার অন্যতম প্রমাণ হিসেবে বিরোধীদলীয় নেতা বলেন, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। তিনি বলেন, ‘এ থেকে বোঝা যায়, চালু উদ্যোগ ও নতুন উদ্যোগে বিনিয়োগ মারাত্মক হ্রাস পেয়েছে। উচ্চ সুদের হার, অবকাঠামোগত সীমাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলার অবনতি বিনিয়োগ পরিস্থিতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।’ খালেদা জিয়া ৫৫ হাজার ৩২ কোটি টাকা ঘাটতি অর্থায়নে বৈদেশিক সাহায্য পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ঘাটতি অর্থায়নে লক্ষ্যমাত্রা আকাশচুম্বী হওয়ার কারণে শেষ পর্যন্ত সরকারকে বর্ধিত ব্যাংকঋণের ওপরই নির্ভর করতে হবে। রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা প্রস্তাবিত বাজেটের সবচেয়ে দুর্বল দিক উল্লেখ করে তিনি মূল্যস্ফীতির হার ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। খালেদা জিয়া তাঁর সরকারের সময়কার কথা উল্লেখ করে বলেন, ১৯৯১ সাল থেকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা অর্জিত হয়েছিল। বাংলাদেশ যেভাবে সম্মানজনক অর্থনৈতিক প্রবৃদ্ধির নজির সৃষ্টি করেছিল, সেসব আজ সরকারের অব্যবস্থাপনা, আনাড়িপনা, অযোগ্যতা, পাহাড়প্রমাণ দুর্নীতি, লুটপাট ও অপশাসনের ফলে সম্পূর্ণ ভেস্তে যেতে বসেছে।