জমিদারবাড়ির গুপ্তধনের আশায়...
গুপ্তধনের আশায় সবাই বিভোর। যদি কিছু মেলে! বগুড়ার সারিয়াকান্দিতে ২৫০ বছরের প্রাচীন একটি বাড়ি ভাঙতে গিয়ে শ্রমিকেরা গুপ্তধন পাওয়ার আশায় এমন বিভোর হয়ে পড়েছেন। ধনসম্পদের খোঁজে তাঁরা ওই বাড়ির দেয়ালের অভ্যন্তরে, ছাদে, লোহার বিমে, নয়তো দরজা-জানালার আশপাশের স্থানগুলোতে প্রতিদিন তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে শ্রমিকদের ভাগ্যে কোনো গুপ্তধন জোটেনি।খোঁজ নিয়ে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিণা গ্রামের তৎকালীন জমিদার কাশিপ্রসাদ রায় ২৫০ বছর আগে প্রায় দুই একর জায়গার ওপর একটি বাগানবাড়ী নির্মাণ করেন। ওই এলাকার ভূমি অফিসের সাবেক তহসিলদার আবদুল কুদ্দুস দাবি করেছেন, কাশিপ্রসাদের মৃত্যুর পর ওয়ারিশেরা জায়গাসহ বাড়িটি তাঁর দাদা মরহুম নছির উদ্দিনের কাছে বিক্রি করেন। ক্রয়সূত্রে বাড়ির অন্যতম অংশীদার আবদুল কুদ্দুস জানান, চুন-সুরকি দিয়ে নির্মিত বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়ায় তাঁরা সেখানে না উঠে সামনের অংশে টিনশেডের ঘর তুলে বসবাস শুরু করেন। তিনি বলেন, কয়েক যুগের রোদ-বৃষ্টিতে প্রাচীন ওই বাড়িটি আরও জীর্ণ হয়ে পড়ায় সেটি ভেঙে ফেলার জন্য ইট ও লোহার বিমসহ অন্যান্য অবকাঠামো সাত লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। পাশের গাবতলী উপজেলার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জীর্ণ ভবনটি কেনার পর দুই সপ্তাহ আগে ২৫ জন শ্রমিক দিয়ে সেটি ভাঙা শুরু করেছেন। বাড়িটির বর্তমান মালিক ও ভাঙার কাজে নিয়োজিত ঠিকাদার-শ্রমিক সবারই ধারণা, প্রাচীন ওই বাড়ির কোনো না কোনো অংশে গুপ্তধন রয়েছে। বাড়িটির আরেক অংশীদার ইয়াকুব আলী গুপ্তধন পাওয়ার আশা করে বলেছেন, শুধু ভৌত অবকাঠামোই বিক্রি হয়েছে। চুক্তি অনুযায়ী বাড়িটি ভাঙার সময় কোনো কিছু পাওয়া গেলে ঠিকাদার সেটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবেন।ঠিকাদার শফিকুল ইসলাম গুপ্তধন পাওয়াকে সৌভাগ্যের ব্যাপার উল্লেখ করে বলেন, ‘পুরোনো বাড়ি। কিছু না-কিছু থাকতেই পারে। কপালে থাকলে অবশ্যই মিলবে। তবে এখনো কিছু পাওয়া যায়নি।’ তবে প্রাচীন এই বাড়ি ভেঙে ফেলাকে সঠিক মনে করছেন না অনেকে। ওই এলাকার বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘পুরোনো এই বাড়ি ভাঙ্গা ঠিক হচ্ছে না। গ্রামের বেশির ভাগ মানুষ মনে করে, এই বাড়ি না ভেঙ্গে সংরক্ষণ করা উচিত।’