জমিদারবাড়ী দখলে বিচারকের সংশ্লিষ্টতা তদন্তের নির্দেশ
ঢাকার নবাবগঞ্জের জমিদারবাড়ী দখলে এক যুগ্ম ও জেলা জজের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করতে আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ৮ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।১০ মে একটি ইংরেজি দৈনিকে ঢাকার নবাবগঞ্জের জমিদার ব্রোজেন রায় ওরফে সুদর্শন রায়ের বাড়ি জজ বাড়ি হলো—এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে আনা হলে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ফেনীর যুগ্ম জেলা জজ আবুল হোসেন খন্দকার (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত), নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, আবুল কালাম খন্দকার ও তাঁদের চাচা খন্দকার আবুল হাশেমকে আদালতে তলব করেন। গতকাল রোববার তাঁরা আদালতে হাজির হন। আজও তাঁরা আদালতে হাজির হয়েছিলেন।আদালতে তাঁদের পক্ষে শুনানিতে অংশ নেন শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন এ বি এম আলতাফ হোসেন। পরে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, কথিত ওই জজ বাড়ি দখলে যুগ্ম জেলা জজের সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। ৮ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। ওই দিনও তাঁদের আসতে বলা হয়েছে।