জমির উদ্দিন, আখতার ও দেলোয়ারের বিরুদ্ধে আরও মামলা
বিএনপির মহাসচিব ও সংসদের সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার ও বিএনপির জ্যেষ্ঠ নেতা জমির উদ্দিন সরকার এবং সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে আরও তিনটি দুর্নীতির মামলা হয়েছে।দুর্নীতি দমন কমিশনের দুজন কর্মকর্তা বাদী হয়ে গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই তিনটি মামলা করেন। মামলায় উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বেশিসংখ্যক গাড়ি ব্যবহার এবং অতিরিক্ত জ্বালানি খরচ করে সরকারের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর এই তিনজনের বিরুদ্ধে একই থানায় পাঁচটি দুর্নীতির মামলা করা হয়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে জানান, দুর্নীতি দমন কমিশন পৃথক তিনটি মামলা করেছে। জমির উদ্দিন সরকার ও আখতার হামিদ সিদ্দিকীকে তিনটি মামলায় এবং খোন্দকার দেলোয়ার হোসেনকে একটি মামলায় অভিযুক্ত করা হয়।থানা সূত্র জানায়, দুদকের অভিযোগে বলা হয়, জমির উদ্দিন সরকার স্পিকারের দায়িত্বে থাকার সময় নিজের জন্য একটি কার, একটি জিপ ও ব্যক্তিগত কর্মচারীর জন্য একটি মাইক্রোবাস সরকার থেকে বরাদ্দ পান। একান্ত সচিবের জন্য তিনি আরও দুটি গাড়ির বরাদ্দ নেন। এই পাঁচটি গাড়ি ব্যবহার করার পরও আরও একটি মাইক্রোবাস ও দুটি জিপ অবৈধভাবে ব্যবহার করেন সাবেক স্পিকার। এসব গাড়িতে ৪০ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার জ্বালানি খরচ করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন তিনি।একইভাবে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বরাদ্দের অতিরিক্ত গাড়ি ব্যবহার করে ৫৮ লাখ ৭১ হাজার ৬৮০ টাকার জ্বালানি খরচ করেন। খোন্দকার দেলোয়ার হোসেন চিফ হুইপের দায়িত্বে থাকার সময় অতিরিক্ত গাড়ি ব্যবহার করে দুই লাখ ১০ হাজার ৬৯৫ টাকার জ্বালানি খরচ করেন। দেলোয়ারের বিরুদ্ধে এই মামলায় জমির উদ্দিন সরকারকেও আসামি করা হয়েছে।তিন নেতার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ আনা হয়। চারদলীয় জোট সরকারের সময় ওই সব দুর্নীতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।