সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জাতীয় সংসদের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা) আশরাফুল ইসলামের বিরুদ্ধে করা তিনটি মামলার অভিযোগপত্র আজ বুধবার আদালতে জমা দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রাজধানীর শেরেবাংলা নগর থানায় ২০১০ সালের ২৮ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপসহকারী পরিচালক এস এম খবীরউদ্দিন বাদী হয়ে ওই চারজনকে আসামি করে পাঁচটি মামলা করেন। এর মধ্যে তিনটি মামলার তদন্ত শেষ হওয়ায় অভিযোগপত্র জমা দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুমোদন দিয়েছে দুদক কর্তৃপক্ষ। মামলাগুলোর নম্বর হলো ৪৭, ৪৮ ও ৫১। বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন এবং তা নগদে তুলে নিয়ে আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাব কেনা ও তা আত্মসাৎ এবং অতিরিক্ত অর্থ তোলার অভিযোগে দুদক এসব মামলা করেছিল। তিনটি মামলার অভিযোগপত্রেই জমির উদ্দিন সরকারকে অভিযুক্ত করা হয়েছে। তবে দেলোয়ার হোসেন মারা যাওয়ায় অভিযোগপত্রে আসামির তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কমিশনার মো সাহাবুদ্দিন। দীর্ঘ তদন্ত শেষে চলতি সপ্তাহে কমিশনের কাছে প্রতিবেদনগুলো জমা দেওয়া হয়।মামলা নম্বর ৫১-এর প্রধান আসামি জমির উদ্দিন সরকার। চিকিৎসার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার বাদী ছিলেন এস এম খবীরউদ্দিন। এই মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীকে এক লাখ ২১ হাজার ৭০৩ টাকা ৫৯ পয়সা অবৈধ উপায়ে অনুমোদন করিয়ে দেন সাবেক স্পিকার। আখতার হামিদের ২০০৮ সালের ৬ থেকে ১৬ জানুয়ারি মস্কো এবং ১৭ থেকে ২৫ জানুয়ারি লন্ডনে ব্যক্তিগত খরচে ভ্রমণের অনুমতি ছিল। কিন্তু তিনি ফিরে এসে ওই পরিমাণ অর্থ সরকারি খাত থেকে দেওয়ার অনুরোধ করেন। তখন জমির উদ্দিন সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন না নিয়ে এবং জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ লঙ্ঘন করে ওই বছরের ২৫ ফেব্রুয়ারি (ভাউচার নম্বর ৭৯৫৩) সেই বিল পাস করিয়ে আখতার হামিদকে ওই অর্থ সরকারি খাত থেকে তুলে দেন।৪৭ নম্বর মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জমির উদ্দিন সরকার নিজে ২০০৬ সালের ১৪ থেকে ২০ জানুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান হূদেরাগের চিকিৎসার জন্য। সেখান থেকে ফিরে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকার বিল জমা দেন। পরে তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামের যোগসাজশে সাবেক স্পিকার নিজ নামে (ভাউচার নম্বর ৪৮৬৯) ওই অর্থ পাস করিয়ে তুলে নেন।৪৮ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, জমির উদ্দিন সরকার ও খোন্দকার দেলোয়ার উভয়ে সরকারি বাসভবনের ডাইনিং টেবিল, চেয়ার, পর্দা, কম্পিউটার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র নিজ বাসভবনে নিয়ে গেছেন, যার তৎকালীন বাজারমূল্য ছয় লাখ নয় হাজার ৬৬২ টাকা।