জমির দখল নিয়ে ভাতিজা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার ডাকাহার গ্রামে পতিত জমির দখল নিয়ে আজ বৃহস্পতিবার সকালে চাচার হাতে ভাতিজা আবদুল আজিজ বেলাল খুন হয়েছেন। নিহত আবদুল আজিজ ডাকাহার দাখিল মাদ্রাসার শিক্ষক এবং দুপচাঁচিয়ায় সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ডাকাহার গ্রামের আলেফউদ্দিনের ছেলে।এ ঘটনায় নিহত আজিজের ছোট ভাই আবদুল হান্নান (২৮) ছুরিকাহত হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিত্সাধীন। আজিজের বাবা আলেফউদ্দিন বাদী হয়ে রফিকুল ইসলামসহ সাতজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।প্রত্যক্ষদর্শী ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ডাকাহার গ্রামের আলেফউদ্দিনের সঙ্গে বাড়ির পতিত জমি নিয়ে আপন ভাই রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এ বিষয়ে গ্রামে বেশ কয়েকবার সালিসও হয়েছে। গ্রাম্যসালিস মোতাবেক পতিত জমিটি আলেফউদ্দিনের দখলে ছিল। আলেফউদ্দিন গতকাল ওই পতিত জমিতে কয়েকটি আম গাছের চারা রোপণ করেন। রাতেই রফিকুল ইসলাম ওই গাছগুলো উপড়ে ফেলেন। আজ সকালে আলেফউদ্দিন তাঁর পতিত জমিতে গাছ না দেখে তাঁর দুই ছেলে আবদুল আজিজ ও আবদুল হান্নানকে নিয়ে গাছ উপড়ে ফেলার ব্যাপারে রফিকুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।বাকবিতণ্ডার একপর্যায়ে রফিকুল ইসলাম, তাঁর ছেলে জাহাঙ্গীর আলমসহ তাঁদের সহযোগীরা আবদুল আজিজ ও আবদুল হান্নানের ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করেন। বুকে এবং পেটে ছুরিকাঘাতে আজিজ ঘটনাস্থলেই মারা যান। নিহতের ছোট ভাই আবদুল হান্নানকে আহত অবস্থায় গ্রামের লোকজন দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থার অবনতি ঘটায় চিকিত্সকের পরামর্শে তাঁকে বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিত্সার জন্য ভর্তি করা হয়। এ ঘটনার পরপরই রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।এ ঘটনার পরপরই বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার আশরাফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জন্য এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে থানায় নিহত আজিজের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে আসামিরা ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।