জমির দলিল যখন নষ্ট হয়
একটি বিরোধ সমাধানের জন্য মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় দলিল সংগ্রহ করার সময়। মামলা করতে হলে বাদীকে বিভিন্ন দলিলের ওপর নির্ভর করে আর্জি তৈরি করতে হয়। অন্যদিকে আদালত থেকে সমন পেয়ে বিবাদীকে যদি মামলায় জবাব দাখিল করতে হয়, তাহলে তাকেও বিভিন্ন তথ্যের ওপর নির্ভর করতে হয়। তথ্য ব্যতীত কোনো বক্তব্যের ভিত্তি নেই। যেকোনো বক্তব্য তথ্য দ্বারা সমর্থিত হতে হয়। কিন্তু একটি পরিবারের অস্তিত্ব কী কী দলিলের ওপর নির্ভরশীল, সে ব্যাপারে অনেক মানুষের সাধারণ ধারণাও নেই। দলিল সংগ্রহ ও সংরক্ষণের ব্যাপারে অধিকাংশ মানুষকে দেখা যায় উদাসীন। এ কারণে প্রয়োজনের সময় চোখে অন্ধকার দেখে। বর্তমানে জায়গা-জমির সীমাহীন মূল্যবৃদ্ধির কারণে এবং বাস্তব প্রয়োজনে মানুষের কাছে খতিয়ান, রেজিস্ট্রি দলিল, দলিলসূচির সংবাদ, রাষ্ট্রীয় অধিগ্রহণ-সংক্রান্ত সংবাদ, মামলা নিষ্পত্তির সংবাদ, বিভিন্ন মামলার আর্জি, বর্ণনা, রায় ডিক্রির সহিমুহরি নকল অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু বর্তমানে জেলা সদরে অবস্থিত সদর মহাফেজখানা কিংবা রেকর্ডরুম থেকে খতিয়ান ও দলিলের সহিমুহরি নকল সংগ্রহ করতে গিয়ে মানুষকে কত সময় ও অর্থকষ্টের বিড়ম্বনায় পড়তে হচ্ছে, তা ভুক্তভোগীরাই জানেন। আমাদের দেশে রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ দলিল জেলা সদরে রেকর্ডরুমে সংরক্ষিত থাকে। কোনো কারণে জেলা রেকর্ডরুমে সংশ্লিষ্ট ভলিউম খুঁজে পাওয়া না গেলে কিংবা ভলিউম নষ্ট হয়ে গেলে দুর্ভোগের সীমা থাকে না। বর্তমান প্রেক্ষাপটে এই কষ্ট ও দুর্ভোগ থেকে নিষ্কৃতি পেতে উপায় বের করতে হবে। এমনও হতে পারে, কোনো দুর্যোগ যেমন আগুন, বন্যা, খরা, ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিংবা সুনামির মতো মারাত্মক দুর্ঘটনার ফলে জেলা রেকর্ডরুম বিলীন হয়ে গেলে সংশ্লিষ্ট ভলিউমের আর কোনো সেট অন্য স্থানে সংরক্ষিত না থাকার কারণে বাদী-বিবাদী কোনো পক্ষই দলিলটির অস্তিত্ব খুঁজে পাবে না। কী মারাত্মক বিপর্যয়ই না তখন হবে। শুরু হয়ে যাবে জাল দলিল তৈরির মহামারি। এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য একই দলিল বিভিন্ন স্থানে সংরক্ষণ করতে হবে। দলিলের অভাবে সত্য ঘটনা মিথ্যা কিংবা অন্ধকার হয়ে যায়। আমাদের সমাজে জাল দলিল তৈরির প্রবণতা খুব বেশি। জাল হচ্ছে সার্টিফিকেট, স্ট্যাম্প, খতিয়ান, দলিল, বয়নামা, দখল দেওয়ানি ইত্যাদি। জাল দলিল প্রতিরোধের জন্যও দলিলের সরবরাহ ও স্বচ্ছতা সুনিশ্চিত করতে হবে এবং মানুষকে ব্যক্তিগতভাবে দলিল সংরক্ষণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। দলিল সংরক্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে পরিবার, ইউনিয়ন পরিষদের রেকর্ডরুম, কমিশনার অফিসের রেকর্ডরুম, তহশিল অফিস, থানা রেকর্ডরুম ও জেলা রেকর্ডরুম। তবে ইউনিয়ন পরিষদ ও কমিশনার অফিসের সঙ্গে রেকর্ডরুম করলে বাস্তবতার নিরিখে মানুষের বেশি উপকার হবে বলে মনে হয়। প্রতিটি ইউনিয়নে ও কমিশনার কার্যালয়ে ওই এলাকার সব জরিপের খতিয়ান যেমন সিএস, আরএস, বিএস খতিয়ান এবং সব রেজিস্ট্রি দলিল সংরক্ষণ করে সেখান থেকে সহিমুহরি নকল সরবরাহ করলে মানুষের অনেক উপকার হবে। সংরক্ষিত শেলফে সুরক্ষিত থাকবে সব দলিল—রাষ্ট্রের কাছে জনগণের এই প্রত্যাশা।লেখক আইনজীবী, চট্টগ্রাম জেলা বার।