চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ জুনের নির্বাচনে জামালখান ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সৈয়দ সানোয়ার আলী। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি পেশা হিসেবে উল্লেখ করেছেন জায়গা-জমি ক্রয়-বিক্রয়ের দালালি। তিনি প্রথম আলোকে বলেন, ‘জায়গা-জমি ক্রয়-বিক্রয় করে কমিশন নেওয়া আমার পেশা।’ ১৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী মো. শহীদুল্লাহও একই পেশার কথা উল্লেখ করেছেন। এবারের সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী, আইনজীবী, ঠিকাদারের পাশাপাশি সানোয়ার ও শহীদুল্লাহর মতো জমির দালাল, মিস্ত্রি, মাংস বিক্রেতা, জমিদার (বাড়ির মালিক), সমাজসেবক— এমনি নানা পেশার মানুষ প্রার্থী হয়েছেন। প্রার্থীদের হলফনামা থেকে এসব জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ২৪৯ জন। তাঁদের অর্ধেকের বেশি অর্থাৎ ১৩৪ জন পেশার ঘরে লিখেছেন ব্যবসায়ী। তাঁদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, শিল্পকারখানার মালিক, পরিবহন, জাহাজ, তৈরি পোশাকশিল্প ব্যবসায়ী ও মুদি দোকানিও আছেন। পেশার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ঠিকাদার, সরবরাহকারী ও কমিশন এজেন্ট। এমন পেশার প্রার্থীর সংখ্যা ৪০ জন। ঘরভাড়া বা জমিদারিকে পেশা হিসেবে উল্লেখ করেছেন ২৬ জন। তাঁদের একজন ২৮ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম বাহাদুর। প্রার্থীদের মধ্যে আইনজীবী আছেন ছয়জন। সংখ্যায় কম হলেও চাকরিজীবী ও কৃষকও প্রার্থী হয়েছেন। প্রার্থী হিসেবে আছেন একজন করে অবসরপ্রাপ্ত সেনা, পুলিশ ও সরকারি কর্মকর্তা। জানা যায়, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উত্তর পতেঙ্গা ওয়ার্ডের জসীম উদ্দিন পেশা হিসেবে উল্লেখ করেছেন মাংসের পাইকারি বিক্রেতা। ২৪ নম্বর ওয়ার্ডের মো. এনামুল হকের পেশা ইলেকট্রনিক্স মেকানিক (মিস্ত্রি)। ১৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ গোলাম হায়দার পেশার ঘরে লিখেছেন সমাজসেবক। চট্টগ্রাম বন্দরের শ্রমিকনেতা গোলাম মোহাম্মদ চৌধুরী পেশা হিসেবে লিখেছেন সরবরাহকারী ও ঠিকাদার, সব ধরনের সরবরাহ কাজ।এ ছাড়া গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করা উত্তর কাট্টলী ওয়ার্ডের উত্তম কুমার আচার্য্য পেশার ঘরে লিখেছিলেন জ্যোতিষী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘গ্রহ-নক্ষত্র বিচার-বিশ্লেষণ করে দেখেছি, ১৭ জুনের নির্বাচনে আমি পাস করব। কাউন্সিলর হলেও পারিবারিক এ পেশায় থাকব।’সূত্র জানায়, ৩৯ নম্বর ওয়ার্ডের মো. আসলাম পেশার ঘরে লিখেছেন, ২০০৯ সালে তাঁর প্রতিষ্ঠান সিলভার হোয়াইট অ্যাসোসিয়েট কেইপিজেডে তালিকাভুক্ত হলেও কোনো কার্যাদেশ পায়নি। ৩১ নম্বর ওয়ার্ডের মো. সরওয়ার জাহান সিরাজী উল্লেখ করেছেন, ‘সদরঘাটে মাহে মদিনা হোটেলে ম্যানেজার হিসেবে ২০০০ সালের জানুয়ারি থেকে মাসিক বেতন ১২ হাজার টাকায় কর্মরত আছি।’হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে দেখা যায়, কাউন্সিলর পদের ২৪৯ জন প্রার্থীর মধ্যে ৯৮ জন মাধ্যমিকের গণ্ডি পার হননি। তাঁদের ৪৮ জনই হলফনামায় উল্লেখ করেছেন স্বশিক্ষিত, অক্ষরজ্ঞানসম্পন্ন, স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ইত্যাদি। প্রার্থীদের মধ্যে ৪৫ জন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা প্রার্থীও আছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যেকোনো পেশার লোক নির্বাচনে প্রার্থী হতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থী হতে হলে তাঁকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার হতে হবে।’