জমির বিরোধে কলা গাছ কর্তন!
শরীয়তপুর পৌরসভার দক্ষিণ স্বর্ণঘোষ গ্রামের সাহাবুদ্দিন মোল্লার বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা।গ্রামবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ স্বর্ণঘোষ গ্রামের সাহাবুদ্দিন মোল্লা দুই বছর আগে পৈতৃক ৬৮ শতক জমিতে কলার বাগান করেন। এক মাস আগে ইউনুছ মোল্লা জমিটি তার বলে দাবি করেন। এ নিয়ে থানায় অভিযোগ করলে থানা থেকে এক মাসের মধ্যে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ১০ মে সকাল ১১টার দিকে ইউনুছ মোল্লা দলবল নিয়ে হামলা চালিয়ে শতাধিক গাছ কেটে ফেলে।সাহাবুদ্দিন মোল্লা বলেন, ‘আমার পৈতৃক জমিতে কলার বাগান করেছি। ইউনুছ মোল্লা আমার জায়গাটি ভুয়া দলিল দেখিয়ে তার দাবি করেন। তিনি কলার বাগানে হামলা করে শতাধিক গাছ কেটে ফেলেছেন। পুলিশে খবর দিলে পুলিশ এসে নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাঁরা বাগানের পাশে থাকা আমার একটি টিনের ঘরও ভেঙে নিয়ে গেছে।’প্রত্যক্ষদর্শী আল ইসলাম বলেন, ‘ইউনুছ মোল্লা ১০-১২ জন লোক নিয়ে দা ও কাঁচি দিয়ে কলাগাছগুলো কেটে ফেলেছে। প্রতিটি গাছে কলার ছড়া ছিল। সেগুলো তার বাড়িতে নিয়ে গেছে। ভয়ে তাদের কেউ বাধা দেয়নি। কলাবাগানের জমিটি আমরা জানি সাহাবুদ্দিন মোল্লার।’প্রতিবেশী খায়ের মোল্লা বলেন, এই জমিটি সাহাবুদ্দিন মোল্লার। তিনি অনেক কষ্ট করে কলাবাগান করেছেন। অন্যায়ভাবে ইউনুছ মোল্লা তার দলবল নিয়ে কলাগাছগুলো কেটে ফেলেছে। এতে ভয়ে কেউ তাদের বাধা দেয়নি।এ ব্যাপারে ইউনুছ মোল্লা বলেন, ‘এই জমিটি আমি ক্রয় করেছি। পাশের জমি সাহাবুদ্দিনের। ঝড়ে কলাগাছগুলোর ক্ষতি হওয়ায় কেটে ফেলা হয়েছে। এখান থেকে কোনো ঘর আমি ভেঙে নিইনি।’শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘বাগানের গাছ কেটে ফেলার লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’