জমির মালিকানা ও দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ যদি নিজেকে কোনো জমির (যেখানে আগে কখনো তার দখল ছিল না বা থাকলেও পরে দখলচ্যুত হয়ে গেছেন) মালিক বলে মনে করেন এবং তার দখলে যেতে আগ্রহী হন তাহলে তিনি দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। ‘স্বত্বসাব্যস্তে খাসদখল’ নামে পরিচিত এরূপ মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় চালিত হয় যার তামাদি সীমা ১২ বছর এবং দাবিকৃত জমির বাজারমূল্যের ওপর আনুপাতিক হারে (অ্যাড-ভেলোরেম) কোর্ট ফি দিতে হয়।আবার কেউ যদি তাঁর দখলে থাকা (দখল-অর্জন বৈধ বা অবৈধ উপায়ে হোক, জমিতে তাঁর স্বত্ব থাকুক বা না থাকুক) জমি থেকে কারও দ্বারা জোরমূলক দখলচ্যুত হয়ে যান তাহলে হাতছাড়া হওয়া দখলটি ফিরে পাওয়ার জন্যও তিনি মামলা করতে পারেন। এরূপ মামলা ওই আইনের ৯ ধারায় আনীত ও চালিত হয়, যেখানে স্বত্বের কোনো বিচার হয় না এবং যার তামাদি সীমা ছয় মাস। এরূপ মামলায়ও দাবিকৃত জমির বাজারমূল্যের ওপর অনুপাতিক হারেই কোর্ট ফি দিতে হয়, তবে এর জন্য আইনে (কোর্ট ফি আইনের প্রথম তফসিলের ২ নম্বর অনুচ্ছেদ) যে হার দেওয়া আছে সে অনুযায়ী হিসাব করলে দেখা যাবে, প্রদেয় কোর্ট ফির পরিমাণ হয় ৮ ধারার মামলার চেয়ে প্রায় অর্ধেক কম।আইনই যেহেতু দুই ধরনের মামলার জন্য দুই ধরনের বিধান বা ক্ষেত্র রেখে দিয়েছে, সেহেতু মামলা দায়ের করার সময় তা মাথায় রাখতে হবে এবং মামলায় যে প্রতিকার চাওয়া হচ্ছে, দাবিকৃত নালিশের কারণের (cause of action) সঙ্গে তার মিল থাকতে হবে। নতুবা প্রতিকার পাওয়ার শতভাগ গুণাগুণ থাকা সত্ত্বেও মামলাটি নষ্ট হয়ে যেতে পারে। দেখা যায়, কেউ জমি থেকে বেদখল হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে মামলা না করে বিলম্বে এসে মামলা করেন এবং আরজিতে দখল কায়েমের প্রার্থনার সঙ্গে স্বত্বসাব্যস্তের দাবিও যুক্ত করে দেন। আরজিতে যখন বলা হয়, ‘অমুক আমাকে গত এত এত ইং তারিখে নালিশা জমি থেকে জোরে বেদখল করায় নালিশের কারণ উদ্ভব হয়েছে’ তখন প্রার্থনায় যতই স্বত্বসাব্যস্তের দাবি যুক্ত রাখা হোক না কেন এর সপক্ষে নালিশের কোনো কারণ শেষ পর্যন্ত টিকবে না। কারণ কেউ নিজের জমি থেকে অন্যের দ্বারা বেদখলকৃত হয়ে গেলেই জমিতে তার স্বত্ব নষ্ট হয়ে যায় না। মামলা দায়েরের সময় তামাদি দোষ এড়ানোর কৌশল হিসেবে এটি গ্রহণ করা হয়ে থাকে, তবে আদালতে মামলাটি ৯ ধারার মামলা হিসেবেই বিবেচিত হয় এবং ফলাফল হিসেবে নালিশের কারণের অভাব কিংবা তামাদি দোষে এর আরজিটি প্রত্যাখ্যাত হওয়ার বা মামলাটি খারিজ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে।যদি বেদখল হওয়ার ছয় মাস পর মামলা করে তাকে ৮ ধারার মামলার মর্যাদা দানের দাবি করা হয় এবং প্রার্থিত প্রতিকার হিসেবে স্বত্বসাব্যস্তের বিষয়টি টিকিয়ে রাখতে হয়, তাহলে আরজিতে নালিশের কারণও সেভাবে রাখতে হবে, যাতে মনে হয় যে বেদখল হয়ে যাওয়া নালিশা জমিতে বিদ্যমান বাদীর স্বত্বও সংকটাপন্ন হয়েছে। মনে রাখতে হবে, রাষ্ট্রীয় বিচারব্যবস্থা সংক্ষুব্ধ মানুষকে সহজ ও সংক্ষিপ্ত উপায়ে প্রতিকার দেওয়ার জন্য; আইন অনুযায়ী যেখানে ৯ ধরার মামলায় শুধু দখলের বিষয়ে সিদ্ধান্ত দিয়েই বিরোধের নিষ্পত্তি করে ফেলার সুযোগ আছে, সেখানে এরূপ মামলাকে আদালত কেন ৮ ধারার মামলা হিসেবে বিবেচনা করতে যাবেন, যেখানে স্বত্বের অস্তিত্ব আছে কি নেই, এরূপ সময়ক্ষেপণকারী বিষয়ও বিচার্য হবে?লেখক:সিনিয়র সহকারী জজ, গাইবান্ধা