জমিরউদ্দিন ও আশরাফুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার ও জাতীয় সংসদের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা) আশরাফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করা হয়। দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান অভিযোগপত্র দুটি দাখিল করেন।রাজধানীর শেরেবাংলা নগর থানায় ২০১০ সালের ২৮ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপসহকারী পরিচালক এস এম খবীরউদ্দিন বাদী হয়ে পাঁচটি মামলা করেন। এসব মামলায় সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জাতীয় সংসদের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামকে আসামি করা হয়। মামলা পাঁচটির মধ্যে তিনটির তদন্ত শেষ হওয়ায় অভিযোগপত্র জমা দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুমোদন দেয় দুদক কর্তৃপক্ষ। মামলাগুলোর নম্বর হলো ৪৭, ৪৮ ও ৫১। বিদেশে চিকিত্সার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন এবং তা নগদে তুলে নিয়ে আত্মসাত্, সরকারি বাসভবনের আসবাব কেনা ও তা আত্মসাত্ এবং অতিরিক্ত অর্থ তোলার অভিযোগে দুদক এসব মামলা করেছিল। তিনটি মামলার অভিযোগপত্রেই জমিরউদ্দিন সরকারকে অভিযুক্ত করা হয়েছে। তবে দেলোয়ার হোসেন মারা যাওয়ায় অভিযোগপত্রের আসামির তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে চলতি সপ্তাহে কমিশনের কাছে প্রতিবেদনগুলো জমা দেওয়া হয়।মামলা নম্বর ৫১-এর প্রধান আসামি জমিরউদ্দিন সরকার। চিকিত্সার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার বাদী ছিলেন এস এম খবীরউদ্দিন। ৪৭ নম্বর মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জমিরউদ্দিন সরকার নিজে ২০০৬ সালের ১৪ থেকে ২০ জানুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান হূদরোগের চিকিত্সার জন্য। সেখান থেকে ফিরে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকার বিল জমা দেন। পরে তত্কালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামের যোগসাজশে সাবেক স্পিকার নিজ নামে (ভাউচার নম্বর ৪৮৬৯) ওই অর্থ পাস করিয়ে তুলে নেন।৪৮ নম্বর মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, জমিরউদ্দিন সরকার ও খোন্দকার দেলোয়ার উভয়ে সরকারি বাসভবনের ডাইনিং টেবিল, চেয়ার, পর্দা, কম্পিউটার টেবিলসহ বিভিন্ন আসবাব নিজ বাসভবনে নিয়ে গেছেন, যার তত্কালীন বাজারমূল্য ছয় লাখ নয় হাজার ৬৬২ টাকা।