জমিরউদ্দিনের নিয়োগ দেওয়া ১২৮ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য, জেলা কোটা না থাকা, পুলিশের চারিত্রিক প্রত্যয়নপত্র না থাকার পরও বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সংসদ সচিবালয়ে নিয়োগ পাওয়া ১২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সময়কালের অনিয়ম-দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় কমিটির সুপারিশ জাতীয় সংসদে গৃহীত হওয়ার পর গত জানুয়ারি মাস থেকে চাকরিচ্যুতির এ প্রক্রিয়া শুরু হয়। গত শনিবার এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়।সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার অষ্টম সংসদে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ দিয়েছিলেন বলে সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে দ্রুততম সময়ে আইন ও বিধি লংঘন করে নিয়োগ পাওয়া ব্যক্তিদের অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। নবম সংসদ গঠনের পর প্রথম অধিবেশনেই জমিরউদ্দিন সরকারের সময়কার দুর্নীতি এবং অনিয়ম তদন্তে একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। সাংসদ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে এ কমিটি গত অধিবেশনে তদন্ত প্রতিবেদন দিলে সংসদে তা গৃহীত হয়। এরপর সংসদের নির্দেশনা অনুসারে আইনি প্রক্রিয়া শুরু হয়।চাকরিচ্যুত ১২৮ জনের মধ্যে দুজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, ২১ জন তৃতীয় শ্রেণীর ও ১০৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে অধিকাংশ ১০ থেকে ১৫ বছর ধরে মাস্টাররোলে কাজ করতেন। সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার দায়িত্ব ছাড়ার আগে অনেকটা তড়িঘড়ি করে তাঁদের স্থায়ীভাবে চাকরিতে নিয়োগ দেন। তাঁদের অধিকাংশ ব্যক্তির বাড়ি জমিরউদ্দিনের নির্বাচনী এলাকা পঞ্চগড়ে। আর প্রথম ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের মধ্যে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।এ ব্যাপারে সংসদসচিব আশফাক হামিদ সাংবাদিকদের বলেন, সংসদের নির্দেশনা এবং আইনের সব নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে।