জমিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন
জাতীয় সংসদের সাবেক স্পিকার মোহাম্মদ জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ২০১০ সালের ২৮ ডিসেম্বর জমিরউদ্দিন সরকার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিদেশে চিকিত্সা-ব্যয় বাবদ ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা খরচের অভিযোগে মামলা হয়। মোহাম্মদ আশরাফুল ইসলাম এখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। এ ছাড়া সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে এক লাখ ২১ হাজার ৭০৪ টাকা খরচের অভিযোগে মামলা হয়। একই সময়ে সাবেক সরকারদলীয় চিফ হুইপ প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ছয় লাখ ৯ হাজার ৬৬২ টাকা দামের আসবাব কিনে তা আত্মসাত্ করার অভিযোগে মামলা করা হয় । ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় দুদকের উপপরিচালক মনিরুজ্জামান খান এসব মামলা দায়ের করেন।