জমিসংক্রান্ত বিরোধে এক ব্যক্তি খুন
জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় নিজের বাড়ির উঠানে হাসমত মিয়া (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আর তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী আয়েশা আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন। উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের আট-দশটি বাড়িতে হামলা চালিয়েছে। গ্রামবাসী জানায়, একই গ্রামের বাসিন্দা শের আলী, সমছু মিয়া, জাহির মিয়া, লাল মিয়া, সফর আলী, নুরুজ আলী, নূর আলী, রহিম মিয়া, রইছ উল্লাহ, কাদির, রফিকসহ ১৬ থেকে ১৭ জন লোক দা, বল্লম, লাঠি নিয়ে সকাল সাড়ে ছয়টার দিকে হাসমতের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আর স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী আয়েশা আক্তারকেও দা দিয়ে কোপানো হয়।গুরুতর অবস্থায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে শের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।