জমে গেছে লোকজ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলার সঙ্গে বাঙালির সম্পর্ক নিবিড়। গ্রামাঞ্চলে সারা বছরই কোনো না কোনো লোকজ মেলা হয়। নগরেও বছরজুড়ে মেলা যে হয় না তা নয়, তবে বাণিজ্য মেলা বা বইমেলার ভিড়ে লোকজ মেলা খুঁজে পাওয়াই ভার। তবে বাংলা সনের শুরুতে নগরজুড়ে বসে যায় হরেক রকম মেলা। এগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য তিনটি মেলার খবর জানিয়েছেন রিমন রাহীবাংলা একাডেমী ও বিসিকের বৈশাখী মেলাএকটি শঙ্খ দুই পায়ের বুড়ো আঙুলে আটকে রেখে দুই হাতে শাঁখের করাত দিয়ে কাটছিলেন শাঁখারীবাজারের সত্যগোপাল দত্ত। তিনি ২৬ বছর ধরে শঙ্খ কেটে বিভিন্ন ডিজাইনের উপযোগী করে তোলেন। তিনি জানান, এখন শঙ্খ কাটতে আর এ করাত ব্যবহূত হয় না। তবে আগে এভাবেই শঙ্খ কেটে ব্যবহারের উপযোগী করা হতো। এই শাঁখের করাত এখন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম যাতে এটি দেখতে পায়, তাই তিনি মেলায় এই করাত এনেছেন। তাঁর কাছে শঙ্খচূর্ণও পাওয়া যাচ্ছে। এই চূর্ণ নাকি মুখের ব্রণ, কালো দাগ ও ঘামাচি দূর করে। সত্যগোপাল দত্তকে পাওয়া গেল বাংলা একাডেমী প্রাঙ্গণে কর্মরত কারুশিল্পীদের স্টলে। বাংলা নতুন বছরের আগমন উপলক্ষে এখানে বাংলা একাডেমী ও বিসিকের যৌথ আয়োজনে বসেছে বৈশাখী মেলা ১৪১৭।মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে বিক্রেতারা। মেলা এখন খুবই জমজমাট। বৈশাখের প্রথম দিনেই অনেক মানুষ এসেছে এবং বেচাকেনাও ভালো হয়েছে। মেলায় দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা বৈশাখের প্রথম দিনের পর কমে গেলেও বেচাকেনা ভালোই হচ্ছে বলে জানান বিক্রেতারা। প্রতিটি স্টলেই রয়েছে বাঙালিয়ানার ছাপ।মেলায় আসা অনেক তরুণ-তরুণীর হাতে ছোট একতারা দেখা গেল। এ মেলার সবচেয়ে আকর্ষণীয় পণ্য হচ্ছে এই একতারা। বিক্রিও হচ্ছে প্রচুর। বেশির ভাগ স্টলেই দেখা গেছে একতারা। ক্রেতারা বাঙালির চিরচেনা এই বাদ্যযন্ত্র কিনে টুংটাং শব্দে বাজাতে বাজাতে বাড়ি ফিরছে। মেয়ের জন্য শুধু একতারা কিনতেই বাড্ডা থেকে এসেছেন মোজাম্মেল হক। তিনি বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। এ রকম মেলা শুধু বৈশাখেই নয়, বছরে কমপক্ষে দুবার আয়োজন করা দরকার। তাহলে আমরা আমাদের ঐতিহ্যকে সহজে ভুলব না।’ ছোট, মাঝারি, বড়—বিভিন্ন আকারের একতারা বিক্রি হচ্ছিল কুষ্টিয়ার মেসার্স একতারার ঘরে। একতারার পাশাপাশি রয়েছে ঢোল, হুক্কা, গামছা, কাঠের হামানদিস্তা, বাঁশের তৈরি পোলো, খালুই, কুলা, মাথাল। কৃষকেরা রোদ থেকে বাঁচতে এই মাথাল মাথায় দিয়ে কাজ করেন।বয়সের ভার আর অসুস্থতা দমিয়ে রাখতে পারেনি ৮২ বছরের আবদুর রহমানকে। তিনি তাঁর ছেলে আর নাতির সঙ্গে এসেছেন বৈশাখী মেলায়। তিনি বলেন, ‘সারা বছর ঘরের ভেতর বন্দী থেকে আর ভালো লাগে না। বাইরে বের হলেও শুধু মানুষ, গাড়ি আর দালানকোঠা। তাই প্রতিবছর বৈশাখী মেলায় ঘরে থাকতে পারি না। এখানে এসে আবার সেই গ্রামের কথা মনে পড়ছে। নিজেকে সত্যিই বাঙালি বাঙালি মনে হচ্ছে।’মেলায় পাওয়া যাচ্ছে ঘর সাজানোর বিভিন্ন পণ্য। এর মধ্যে কাঠের তৈরি শোপিস ছাড়াও রয়েছে কাঠ খোদাই করে তৈরি করা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং প্রাকৃতিক দৃশ্য। মাটির তৈরি বিভিন্ন তৈজসও পাওয়া যাচ্ছে মেলার স্টলে। নিত্যপ্রয়োজনীয় এমন কোনো পণ্য নেই, যা মেলায় পাওয়া যাচ্ছে না। রয়েছে কয়েকটি খাবারের দোকান। এসব দোকানে নিমকি, মনাক্কা, লাড্ডুসহ বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে।মেলার কয়েকটি স্টলে রয়েছে শুধু পাটের পণ্য। পাটের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, পুতুল, শোপিস, জুতা পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এসেছে হস্তশিল্পের কিছু স্টল। স্টলগুলোয় হাতে কাজ করা মনোমুগ্ধকর নকশার শাড়ি, কাঁথা, বিছানার চাদর, দরজা-জানালার পর্দা পাওয়া যাচ্ছে।কক্সবাজার থেকে শামুক, ঝিনুক আর কড়ি নিয়ে এসেছেন হূদয়। এসবের তৈরি মালা, কানের দুল, শোপিস বিক্রি হচ্ছে ভালোই। চট্টগ্রাম থেকে এসেছে রুকসী বুটিক্স। এখানে বাঁশের তৈরি মগ, মোমদানি, মুখোশ পাওয়া যাচ্ছে।বিউটি শতরঞ্জিতে বিভিন্ন আকারের শতরঞ্জি পাওয়া যাচ্ছে। কীভাবে শতরঞ্জি তৈরি করা হয় তা দেখতে পাচ্ছে দর্শনার্থীরা। ছোট একটা কাঠের যন্ত্রে পাট ও কাপড়ের সুতা লাগিয়ে তৈরি করা হচ্ছে শতরঞ্জি। প্রতিষ্ঠানটির মালিক সোহরাব জানান, দেশের বড় বড় শোরুম তাঁর কাছ থেকে শতরঞ্জি নিয়ে যায়। দিনাজপুর থেকে বিন্দার ফুলের শোপিস নিয়ে এসেছেন সুমি ও রানী। তাঁরা জানান, এই ফুল বছরে একবার ফোটে। বিভিন্ন স্টলে কর্মরত কারুশিল্পীরা প্রতিবছর একই জায়গায় মেলার আয়োজন করার জন্য দাবি করেন।ভারতের কলকাতার শিয়ালদহ থেকে ঢাকায় বেড়াতে এসেছেন প্রতিমা পাল। মেলায় ঘুরে অনেক উচ্ছ্বাস প্রকাশ করলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সময় এসেছি, কিন্তু কোনো মেলায় এবারই প্রথম এসেছি। অনেক ভালো লাগল। পুতুলনাচের সময় যে গানগুলো বাজছিল, সেগুলো মনে ধরেছে।’মেলায় এক পাশে রয়েছে নাগরদোলা। পাশেই রয়েছে পুতুলনাচ প্রদর্শনী। ২০ টাকায় এখানে পুতুলনাচ দেখা যাচ্ছে। মেলায় ঘুরতে এসে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন কিংবা দুর্ঘটনার শিকার হয়, তাহলে তার জন্য রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসাকেন্দ্র। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাকেন্দ্রে কাউকে পাওয়া যায়নি। একজন স্টলকর্মী জানান, প্রায় সময়ই এখানে কেউ থাকে না।বৈশাখের প্রথম দিন শুরু হওয়া বৈশাখী মেলা চলবে ১০ তারিখ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।বাংলা একাডেমীর বইয়ের আড়ংবৈশাখী মেলার পাশে বাংলা একাডেমী প্রাঙ্গণে একটি বড় স্টলে টেবিলের ওপর থরে থরে সাজানো আছে বিভিন্ন বই। দু-একজন ক্রেতার দেখাও মিলছে। বাংলা একাডেমীর ব্যানার থেকে জানা গেল এটি বইয়ের আড়ং। বাংলা একাডেমী থেকে প্রকাশিত বই ৩৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে এখানে বিক্রি হচ্ছে। বাংলা নতুন বছর উপলক্ষে এই আড়ংয়ের আয়োজক বাংলা একাডেমী।২০০০ সাল পর্যন্ত প্রকাশিত সব বই (পুনর্মুদ্রণ বাদে) ৬০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রকাশিত বই (পুনর্মুদ্রণ বাদে) ৪০ শতাংশ এবং ২০০৬ সালের পর প্রকাশিত বই বিক্রি হচ্ছে ৩৫ শতাংশ ছাড়ে। এখানে বই কিনছিলেন কাজী জাকির আহমেদ। তিনি বলেন, ‘আড়ংয়ের মাধ্যমে সুন্দর একটা পরিবেশে আমরা বই কিনতে পারছি। অনেক কম মূল্যে বেশি বই পাচ্ছি। বাইরে এই ছাড় কোথাও পাব না, আর পেলেও ভালো বই পাব না। কর্তৃপক্ষকে ধন্যবাদ।’ বাংলা একাডেমীর টিনশেড বিক্রয়কেন্দ্রের সব বই বিক্রি হচ্ছে ৬০ শতাংশ ছাড়ে। বাংলা একাডেমীর মূল বিক্রয়কেন্দ্রেও ছাড়ে বিক্রি হচ্ছে বিভিন্ন বই। বইয়ের এই আড়ং চলবে ১০ বৈশাখ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত আড়ং খোলা থাকবে।মাসব্যাপী তাঁতবস্ত্র মেলাপাশাপাশি কয়েকটি স্টল। জামদানি শাড়ির স্টলে সব ধরনের জামদানি শাড়ি পাওয়া যাচ্ছে। স্টলগুলোর দেখা মিলল সংসদ ভবনের বিপরীত পাশে শেরেবাংলা নগরে পাট গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে। বাংলাদেশ তাঁত বোর্ডের পৃষ্ঠপোষকতায় এখানে চলছে মাসব্যাপী তাঁতবস্ত্র মেলা।গাইবান্ধা থেকে আসা মহিলা উন্নয়ন গবেষণা কেন্দ্রের স্টলে শাড়ি, থ্রি-পিস, কাঁথা, চাদর পাওয়া যাচ্ছে। তবে এসব অন্যান্য স্টলের থেকে আলাদা। কারণ এসব কিছুতেই রয়েছে মনোমুগ্ধকর নকশা। আর সেই নকশায় ফুটে উঠেছে গ্রামের নারীদের আকর্ষণীয় হাতের কাজ। বিভিন্ন নকশায় এসব পণ্য পাওয়া যাচ্ছে জামালপুরের অতসীর স্টলেও। মিরপুর থেকে সনি তাঁর বান্ধবীদের সঙ্গে এসেছেন মেলায় ঘুরতে। হাতে কাজ করা একটা চাদর পছন্দ হওয়ায় কিনেছেন তিনি। সনি বলেন, ‘মেলায় এসে নিজের পছন্দমতো পণ্য ক্রয় করতে পারছি। যেটা বিভিন্ন দোকানে সম্ভব হয়ে ওঠে না।’মেলার বেশির ভাগ স্টলই শাড়ির দখলে। তবে শাড়ির পাশাপাশি রয়েছে থ্রি-পিস ও শার্টের স্টলও। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে এসব পণ্য। রাজশাহীর সিল্ক শাড়ি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, নরসিংদীর প্রিন্টের শাড়ি, পাবনার সুতি কাপড়, কুমিল্লার খাদি চাদর শোভা পাচ্ছে এসব স্টলে। তবে মেলায় লোকজন তেমন একটা আসছে না। স্টলকর্মীরা জানান, মেলায় বৈশাখের প্রথম দিন লোকজন ভালোই হয়েছিল। এ ছাড়া লোকজন খুব একটা নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে আগে মেলায় হাতে গোনা দু-একজন ছাড়া তেমন লোকজন দেখা যায়নি। স্টলকর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষ মেলার জন্য খুব একটা প্রচার করেনি।রাজশাহী সিল্ক জুই ফ্যাশনের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘সারা দিনে দু-একজন আসে। কিন্তু তারাও কিনতে নয়, দেখতে আসে। বেচাকেনা একদম নেই।’ তাঁর সঙ্গে সুর মেলালেন আরেক স্টলকর্মী মিজানুর রহমান, ‘প্রচার করে নাই। দু-এক দিন মাইকে ঘোষণা দিয়েছে শুধু। মেলার কথা মানুষ জানে না, আসবে কেমনে। মানুষ না এলে বেচাকেনা কেমনে হবে।’মেলায় কোনো তথ্যকেন্দ্র নেই। ফলে কারও সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায়নি। মেলায় ঢোকার মুখে ছোট একটা টেবিলে বসে ছিলেন মেলার উপস্থাপক। তবে মেলায় ঘণ্টাখানেকের মধ্যে তাঁর কণ্ঠ মাইকে একবারও শোনা যায়নি।৭ এপ্রিল থেকে শুরু হওয়া তাঁতবস্ত্র মেলা চলবে এক মাস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।