জয় দিয়ে শুরু বরিশাল বার্নার্সের
প্রথম খেলায় জয় দিয়ে শুরু করল বরিশাল বার্নার্স। ক্রিস গেইলের কারণে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না অলক কাপালির সিলেট রয়্যালস।১৬৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গেইল ঝড়ের কারণে মাত্র ১৩ দশমিক ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের দুয়ারে পৌঁছে যায় বরিশাল বার্নার্স। মাত্র ৪৪ বলে ৭টি চার ও ১০টি ছয়ের মাধ্যমে ১০১ রানে অপরাজিত থাকেন উইন্ডিজ এই তারকা। তাঁর সঙ্গী শেহজাদ করেন ৩৫ বলে ৫৬। এতে ছিল নয়টি চার ও একটি ছয়ের মার।এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে বরিশাল বার্নার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৬৫ রান করেছে সিলেট রয়্যালস। অধিনায়ক পিটার ট্রেগো ও আইকন খেলোয়াড় অলক কাপালির জোড়া ফিফটিতে এই চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে সিলেট।টসে জিতে বরিশাল বার্নার্সের অধিনায়ক শাহরিয়ার নাফীস সিলেট রয়্যালসকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। পাকিস্তান দলে আপাতত জায়গা না পাওয়া উইকেট কিপার কামরান আকমলের সঙ্গে সিলেটের ইনিংস শুরু করতে নামেন বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস। ভালো শুরুর আভাস দিয়ে প্রথম ওভারেই চমত্কার একটি চার মারেন আকমল। তবে দলীয় ১০ আর ব্যক্তিগত আট রানের মাথায় শেন হারওডের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নয় বলে আট রান করে আকমল ক্যাচ দেন উইকেট কিপার মিথুন আলীকে।আকমলের বিদায়ের পরে ক্রিজে আসেন সিলেট রয়্যালসের অধিনায়ক ইংলিশ অলরাউন্ডার ট্রেগো। ইমরুলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ট্রেগোও চার মেরে তাঁর রানের খাতা খোলেন। ইমরুল ২১ (১৮) রান করে দলীয় ৫২ রানে সোহরাওয়ার্দী শুভর বলে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর ক্রিজে আসেন সিলেট রয়্যালসের আইকন খেলোয়াড় অলক কাপালি। ইনিংসের চার বল বাকি থাকতে দলীয় ১৫৭ রানের মাথায় ইয়াসির আরাফাতের বলে বোল্ড হয়ে ফিরে যান ট্রেগো ৬২ (৫৪)। একই ওভারে অলককেও ৫৬ (৩৬) বোল্ড করেন আরাফাত। শেষ বলে স্কট স্টাইরিস ৭ (২) ছক্কা মারলে সিলেট রয়্যালসের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৫/৪। সোহেল তানভির এক রানে অপরাজিত থাকেন। বরিশাল বার্নার্সের পক্ষে সফল বোলার আরাফাত চার ওভারে ৩৩ রান দিয়ে দুই উইকেট পান। হারওড ২০ রানে ও শুভ ২৩ রানে একটি করে উইকেট পান।