জয়নুল-রিজভীসহ ১৫৪ নেতা-কর্মী কারাগারে
রাজধানীর পল্টন থানায় করা দুটি মামলায় বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক, রুহুল কবীর রিজভী আহমেদ, আমানউল্লাহ আমানসহ ১৫৪ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের জামিন ও রিমান্ড আবেদনের ওপর ২০ মার্চ শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার পৃথক দুই আদালত এ আদেশ দেন।নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল সোমবার ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় আজ পল্টন থানায় ওই দুটি মামলা করা হয়। এর মধ্যে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এবং এসআই আলাউদ্দিন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।এই দুই মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমানউল্লাহ আমান, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।দুপুরের দিকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় পল্টন থানার এসআই আবু জাফর আসামিদের ১০ দিনের এবং এসআই মাহবুবুল হাসান দ্রুত বিচার আইনে করা মামলায় আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। এ সময় আসামিদের পল্টন থানা থেকে আদালতের হাজতখানায় আনা হয়।এরপর বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালতে আসামিদের জামিন ও রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।আর দ্রুত বিচার আইনে করা মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।দুই আদালতই বলেন, মামলায় রিমান্ড শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র (সিডি) না থাকায় আদালত সিডিসহ ২০ মার্চ শুনানির তারিখ ধার্য করেন। শহীদুল ইসলামের আদালতে বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক বক্তব্য দিতে চাইলে আদালত অনুমতি দেননি। এ নিয়ে বিএনপির আইনজীবীরা হইচই শুরু করেন। এরপর বিচারক আদেশ দিয়ে এজলাস ত্যাগ করেন।