৬০ বছরের পুরোনো এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর পাইলট হাইস্কুলের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে বিদ্যালয়ে অবস্থান করতে হচ্ছে এবং শ্রেণীকক্ষের অভাবে পাঠদান কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর (গোমস্তাপুর) সড়কের পাশে বিরাট খেলার মাঠসহ আমবাগানের ছায়াঘেরা মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত-আট বছর ধরে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। বেশি বৃষ্টি হলেই চুইয়ে পড়ে পানি। সপ্তম শ্রেণীর ছাত্র শামীম হোসেন ও সাহাদাত হোসেন জানায়, শ্রেণীকক্ষে বসে থাকার সময় একাধিকবার তাদের শরীরে পলেস্তারা খসে পড়েছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ায় তারা ভিজে যায়। ভিজে যায় বই-খাতাও। তারা আরও জানায়, গত বছর পলেস্তারা খসে সপ্তম শ্রেণীর ছাত্র পারভেজের মাথা ফেটে যায়। এতে সে বিদ্যালয় ছেড়ে হোগলা উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়েছে।সহকারী শিক্ষক আসাদুজ্জামান জানান, জরাজীর্ণ অবস্থার কারণে একদিন বৃষ্টির সময় ছাদ থেকে লোহার রডসহ সিলিং ফ্যান খসে পড়ে ঠিক তাঁর গা ঘেঁষে। তিনি অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। তার পর থেকে সহকারী শিক্ষকদের কক্ষে ফ্যানের নিচে বসতে ভয় পান শিক্ষকেরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুজ্জামান জানান, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় ১৯৪৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর ছাত্রসংখ্যা ৭৫০। এর মধ্যে বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ছাত্রসংখ্যা ১৫০। জরাজীর্ণ শ্রেণীকক্ষের সংখ্যা ১১। বিদ্যালয়ে আরও পাঁচটি শ্রেণীকক্ষের প্রয়োজন। এক বেঞ্চে পাঁচ-ছয়জন ছাত্রকে গাদাগাদি করে বসতে হয়। এসব সমস্যা সমাধানের জন্য বছরখানেক আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের সঙ্গে প্রায়ই যোগাযোগ করা হয়।স্থানীয় প্রকৌশলীরা জানান, উন্নয়নের জন্য জেলার যেসব বিদ্যালয়ের তালিকা করা হয়েছে, তাতে গোমস্তাপুর পাইলট হাইস্কুলের নাম আছে। তবে স্থানীয় সাংসদের হস্তক্ষেপ ছাড়া এ তালিকা চূড়ান্ত হবে না।বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের জন্য এলাকার সাংসদ মু. জিয়াউর রহমানকে বিদ্যালয়ে নিয়ে এসে জীর্ণাবস্থা দেখানো হয়েছে। তিনি আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’