বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, শ্রেণীকক্ষ অপ্রতুল, শিক্ষক-সংকট, নলকূপ নেই, ল্যাট্রিন নষ্ট, ছাত্র অনুপাতে বেঞ্চ না থাকায় রংপুরের কাউনিয়া উপজেলার নিলাম খরিদা সদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। সরেজমিন গত ১৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় ওই বিদ্যালয়ে গিয়ে এসব তথ্য জানা যায়। শিক্ষা অফিস বলছে, শিক্ষক-সংকটসহ অন্যান্য সমস্যা শিগগিরই সমাধান হবে। উপজেলা সদর থেকে ১৫ কিমি দূরে নিলাম খরিদা সদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে শ্রেণীকক্ষের অভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি কক্ষে পাঠদান করাচ্ছেন সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন। একপাশে কিছু ছেলেমেয়ে হইচই করছে, অন্যপাশে পাঠদান চলছে। প্রয়োজনীয় বেঞ্চের অভাবে অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে ক্লাস করছে। চতুর্থ শ্রেণীর ছাত্র সাগর জানায়, যখন পঞ্চম শ্রেণীর ক্লাস চলে, তখন আমাদের বসে থাকতে হয়। পঞ্চম শ্রেণীর ছাত্রী কাকলি রানী বলে, ‘দুইটা ক্লাস একসঙ্গে হওয়ায় আমাদের ক্লাসের সময় চতুর্থ শ্রেণীর ছাত্ররা হইচই করে, তখন আমরা কিছুই বুঝতে পারি না।’ তৃতীয় শ্রেণীর ছাত্র আল আমীন বলে, ‘বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। তখন আমরা ক্লাস করতে পারি না।’ একই শ্রেণীর ছাত্রী ফেন্সি আক্তার জানায়, নলকূপ না থাকায় বাজারে গিয়ে পানির তেষ্টা মেটাতে হয়।সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন বলেন, দুটি ক্লাস একসঙ্গে নিতে পাঠদানে সমস্যা হচ্ছে। একটা শ্রেণীর পর অন্য শ্রেণীতে পাঠদান করাতে হয় একই সঙ্গে । এতে ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়ায় মনোনিবেশ করতে পারে না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নরেন্দ্রনাথ বর্মণ বলেন, শিক্ষক স্বল্পতা ও শ্রেণীকক্ষ-সংকটকের কারণে বিদ্যালয়ে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে।প্রধান শিক্ষক ক্ষুদিরাম বর্মণ জানান, বিদ্যালয়ে শিক্ষকের চারটি পদের বিপরীতে কর্মরত আছেন তিনজন। তাঁদের মধ্যে একজন সিইনএড প্রশিক্ষণে রংপুরে এবং অপর সহকারী শিক্ষকের পদটি শূন্য রয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৭৯ জন। ছাত্র অনুপাতে বেঞ্চ নেই, মাত্র ১০ জোড়া বেঞ্চ রয়েছে। নলকূপ নেই, ল্যাট্রিনও অকেজো। শিক্ষক-সংকটে পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে। দুজন শিক্ষককে পাঠদান করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। দুজন শিক্ষকের একজন ছুটি, অফিস বা বিষয়ভিত্তিক প্রশিক্ষণে থাকলে পাঠদান করানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি আরও বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর ১৯৮৮ সালে আরডিআরএস তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন করে দেয়। যার একটিতে অফিস, অন্য দুটিতে পাঠদান করানো হয়। সেটিও বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে। তখন পাঠদান অসম্ভব হয়ে পড়ে। এ ছাড়া বিদ্যালয়ে ২০০৩ সাল থেকে চারজন শিক্ষকের বিপরীতে দুই জনের বেশি কখনই ছিল না, বরং বেশির ভাগ সময় একাই স্কুল চালাতে হয়েছে।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাউনিয়ায় প্রাথমিক বিদ্যালয় আছে ১০৬টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৪, বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ৫১ এবং কমিউনিটি বিদ্যালয় একটি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের তিনটি ও সহকারী শিক্ষকের ১২টি পদ শূন্য রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-সংকটসহ অন্যান্য সমস্যার কথা স্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান বলেন, ‘স্কুলভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন নিয়োগ হলে শিক্ষক সমস্যার সমাধান হবে। বরাদ্দ এলে অন্যান্য সমস্যার পর্যায়ক্রমে সমাধান করা হবে।’