জরাজীর্ণ সরকারি নৌপরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ ও নির্ভরযোগ্য হিসেবে পরিচিত সরকারি নৌপরিবহন একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে। যখন-তখন, যেখানে-সেখানে বিকল হয়ে পড়া নৌযানগুলো মেরামত করে জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে। এই খাতটি এখন অনেকটা ‘মেরামতনির্ভর’ হয়ে দাঁড়িয়েছে। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও যাত্রীসেবা। সাধারণত ঈদের আগে-পরে তিন দিন করে নিয়মিত পরিবহনসেবার পাশাপাশি বিশেষ একটি স্টিমারেরও ঢাকা-বরিশাল পথে চলাচলের বিশেষ ব্যবস্থা থাকে। কিন্তু জরাজীর্ণ সরকারি নৌপরিবহন এবারের ঈদে সেই বিশেষ ব্যবস্থা রাখতে পারছে না। জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু নৌযানগুলোর অবস্থা ভালো নয়। আর পিএস অস্ট্রিচকে মেরামত করে সার্ভিসে আনতে না পারলে বিশেষ ব্যবস্থা দেওয়া সম্ভব না-ও হতে পারে।’ঢাকা-মোরেলগঞ্জ পথে চলার সময় গত ২২ জুলাই লেপচা ও ২৩ জুলাই অস্ট্রিচ বিকল হয়ে যায়। মেরামত শেষে লেপচা চলাচল শুরু করলেও অস্ট্রিচ এখনো ঠিক হয়নি। ঈদের আগে তার সম্ভাবনাও কম। সেলা নামের স্টিমারটির অবস্থা আগে থেকেই খারাপ। এমভি সোনারগাঁ ও পিএস মাহসুদ অনেক দিন ধরে ডকে। একমাত্র স্টিমার পিএস টার্ন ভালোভাবে চলাচল করছে। সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, ঈদে সরকারি নৌপরিবহনের স্টিমারগুলোর বিশেষ সার্ভিস দীর্ঘদিনের একটি ঐতিহ্য হয়ে উঠেছে। এবার যদি তা বন্ধ হয়ে যায়, তাহলে এর মাধ্যমে একটি ঐতিহ্যের অবসান ঘটবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এমন বেহাল হয়ে পড়েছে সরকারি নৌপরিবহন খাত। জরাজীর্ণ স্টিমারগুলো মেরামতের নামে প্রতিবছর কয়েক কোটি টাকা লোপাট হয়। ভাড়া, যাত্রীসংখ্যা ও পণ্য পরিবহন বাড়লেও স্টিমারগুলোর অবস্থার উন্নয়ন হয় না। নতুন স্টিমার কেনা কিংবা তৈরির উদ্যোগও অগ্রসর হয় শ্লথগতিতে।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে বিআইডব্লিউটিসির যাত্রী ও পণ্য পরিবহনকে সরকারি ভাষায় বলা হয় ‘জনসেবামূলক বাণিজ্যিক কার্যক্রম’। কিন্তু বাস্তবে এই পরিবহন থেকে জনগণ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। সরকারেরও বাণিজ্য হচ্ছে না। সরকারি নৌপরিবহন অকার্যকর করে রাখতে বেসরকারি নৌপরিবহন কোম্পানিগুলো প্রচুর অর্থ ব্যয় করে বলে অভিযোগ আছে। এ সম্পর্কে সূত্রগুলো জানিয়েছে, ওই টাকায় সরকারি সিদ্ধান্ত গ্রহণকারীদের অনেকের পকেট ভারী হয়। সেবাবঞ্চিত হয় জনগণ। আর লোকসান গোনে সরকার।শুধু যাত্রী ও পণ্যবাহী স্টিমারগুলো নয়, সারা দেশে বিআইডব্লিউটিসির ফেরি মেরামতের নামেও প্রচুর অর্থ নয়ছয় হচ্ছে। প্রতি মাসে অন্তত ২১৫ হাজার লিটার তেল চুরি হচ্ছে। মাওয়া, পাটুরিয়া ঘাটসহ প্রতিটি ফেরি সার্ভিসে একই অবস্থা। প্রতিষ্ঠানে নিয়মিত ও অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগেও আছে দুর্নীতির অভিযোগ।মেরামতের শেষ নেই: পরিচালনগত লোকসানের পাশাপাশি অব্যাহতভাবে চলতে থাকে স্টিমারগুলোর মেরামত। সংস্থার সূত্রগুলো জানায়, জাহাজগুলোর জরাজীর্ণ অবস্থাই এই মেরামতের একমাত্র কারণ নয়। এর চেয়েও বড় কারণ, মেরামতের নামে অর্থ হাতানো।অধিকাংশ সময়ই যতটা মেরামত করা দরকার, তার চেয়ে দেখানো হয় বেশি। ফলে অর্থ বরাদ্দও হয় বেশি। কিন্তু কাজ করা হয় প্রয়োজনের তুলনায় কম। এ কারণে কিছুদিন পরপরই মেরামতের দরকার হয়। একের পর এক জাহাজ ডকে নেওয়া হয়। যাত্রীসেবা বিঘ্নিত হয়। প্রতিষ্ঠানের লোকসান বাড়ে।এমভি সোনারগাঁ নামের একটি জাহাজ নতুন তৈরি করে নামানোর পর থেকে প্রায় ১০ বছর ধরে যতবার ট্রিপে দেওয়া হয়েছে, ততবারই জাহাজটিতে সমস্যা হয়েছে। একবারও সমস্যা ছাড়া জাহাজটি কোনো ট্রিপ শেষ করতে পারেনি। অধিকাংশ সময় জাহাজটি মেরামতের জন্য ডকেই থাকে।সংস্থার চেয়ারম্যান বলেন, জাহাজটি এখন নিলামে বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে। সংস্থার পক্ষে এর দায় টানা আর সম্ভব নয়।সূত্রগুলো জানায়, মেরামতের এই দুষ্টচক্র ফেরি সেক্টরে আরও ভয়াবহ। আসন্ন ঈদের আগে ফেরি সার্ভিস সচল রাখার জন্য কয়েক কোটি টাকায় যানগুলোর মেরামত চলছে। তার মধ্যে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সব কাজই দেখানো হয়েছে। উপকূলীয় নৌপথেও একই অবস্থা: সরকারি নৌপরিবহনের উপকূলীয় (চট্টগ্রাম-বরিশাল) পথে একসময় চারটি জাহাজ সচল ছিল। এর মধ্যে এমভি আলাউদ্দিন কয়েক বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকার পর মেরামত শেষ হয়েছে। চীন থেকে কিনে আনা অপেক্ষাকৃত নতুন এমভি বার আউলিয়াও মেরামত করে নামানোর অপেক্ষায়।এমভি আব্দুল মতিন এবং এমভি মনিরুল হক নতুন ইঞ্জিন লাগানোসহ পুনর্বাসনের পরও ঠিকমতো চলছে না। প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জাহাজগুলোর এই দুরবস্থার কারণে প্রায় দুই বছর ধরে চট্টগ্রাম-বরিশাল পথে চলাচল সম্পূর্ণ বন্ধ। অথচ ওই পথে যাত্রী চলাচল ও পণ্য পরিবহন হতো প্রচুর।তবে এবার ঈদের আগে চট্টগ্রাম-সন্দ্বীপ পথে এমভি আলাউদ্দিন চালানো যাবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান।সরকারি খাতের সেবার এই দুরবস্থার সুযোগে বেসরকারি খাতের অনেক পুরোনো, ফিটনেসবিহীন লঞ্চ রং করে নামাচ্ছেন মালিকেরা। এসব নৌযানে চলাচল হাজার হাজার যাত্রীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে।