জরিপ যে পদ্ধতিতে পরিচালনা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে প্রথম আলোর উদ্যোগে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড’-এর মাধ্যমে দেশব্যাপী একটি জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপ পরিচালনায় বাংলাদেশের জনবিন্যাসের অনুপাতে উত্তরদাতাদের ভৌগোলিক অবস্থান, বয়স, লিঙ্গ এবং গ্রাম ও শহর বিবেচনা করা হয়। দেশের সাতটি বিভাগের ২০টি জেলার বিভিন্ন শহরের ৪৭টি ওয়ার্ড ও ১০৯টি গ্রামে প্রাপ্তবয়স্ক তিন হাজার মানুষ এ জরিপে অংশ নেন। এর মধ্যে ছিলেন ৭৫০ জন শহরের এবং দুই হাজার ২৫০ জন গ্রামের বাসিন্দা। উত্তরদাতাদের এক হাজার ৫০২ জন ছিলেন নারী এবং এক হাজার ৪৯৮ জন পুরুষ। ২০১০ সালের ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ জরিপ চালানো হয়।গোটা দেশকে সাতটি বিভাগ এবং শহর ও গ্রামাঞ্চলে ভাগ করে সব শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বহুস্তরবিশিষ্ট, স্তরীভূত, প্রণালিবদ্ধ এবং দৈবচয়ন নমুনায়নের ভিত্তিতে জরিপ চালানো হয়। জরিপে প্রান্তিক ভুল ধরা হয়েছে কমবেশি ১ দশমিক ৭৯ শতাংশ।উত্তরদাতার অবস্থান নির্বাচন ও সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে পদ্ধতিগত দৈবচয়ন নমুনায়ন অনুসরণ করা হয়। ভৌগোলিক অবস্থান বিবেচনায় রেখে সাতটি বিভাগের প্রতিটিতে জনসংখ্যার ভিত্তিতে নির্বাচন করা হয় দুই থেকে চারটি করে জেলা। এরপর প্রয়োজনীয়সংখ্যক দ্বিতীয় পর্যায়ের নমুনায়ন ইউনিট (এসএসইউ) এবং নমুনায়ন/শুরুর স্থান (এসপি) নির্বাচন করা হয় ভোটার তালিকার ভিত্তিতে দৈবচয়নের মাধ্যমে। শহরাঞ্চলের এসএসইউ ছিল ওয়ার্ড এলাকা এবং পল্লি অঞ্চলের এসএসইউ ছিল গ্রাম। প্রতিটি শুরুর স্থান থেকে চারটি বাড়ি বা খানা বাদ দিয়ে পঞ্চমটিতে যোগাযোগ করে সাক্ষাৎকার নেওয়া হয়। শুরুর স্থানের খানা ছাড়া অন্য খানা নির্বাচনের ক্ষেত্রে ‘ডান-দিক নিয়ম’ অনুসরণ করা হয়েছে। প্রতিটি শুরুর স্থানে পাঁচটির বেশি সাক্ষাৎকার নেওয়া হয়নি।নির্বাচিত খানাগুলোর সদস্যদের বয়সের ক্রমানুযায়ী তালিকা তৈরি করে প্রাপ্তবয়স্ক সব সদস্যকে তালিকাভুক্ত করা হয়। এরপর কিশ টেবলের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতিতে একজন উত্তরদাতা/দাত্রী নির্বাচন করা হয়। জরিপ পরিচালনা করার ক্ষেত্রে মোট এসএসইউ ছিল ১৫৬টি। এর মধ্যে শহরের ৪৭টি ওয়ার্ড এবং ১০৯টি গ্রাম। এসপি ছিল ৬০০টি। এর মধ্যে শহরে ১৫০টি ও গ্রামে ৪৫০টি।জরিপের গ্রহণযোগ্যতার প্রশ্নে ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক বলেন, ‘জরিপ পরিচালনার ক্ষেত্রে ইউরোপিয়ান সোসাইটি ফর অপিনিয়ন অ্যান্ড মার্কেট রিসার্চের (ইসোমার) নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গবেষণা পদ্ধতি ও নৈতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। ইসোমারের সদস্যহিসেবে এ পদ্ধতি অনুসরণ করা আমাদের জন্যবাধ্যতামূলক।’তিন হাজার নমুনা সংখ্যা সারা দেশের মানুষের মতের প্রতিফলন হিসেবে কতখানি বিশ্বাসযোগ্য। এ প্রশ্নের জবাবে মঞ্জুরুল হক বলেন, ‘যথাযথ নমুনায়ন করা হলে এক হাজার দু শ নমুনাই যথেষ্ট। জরিপের নমুনা হিসেবে এ সংখ্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যুক্তরাষ্ট্রের মতো দেশে সাধারণত এক হাজার নমুনা নিয়ে জরিপ পরিচালনা করা হয়। জরিপের পরিধি আরও বিস্তৃত এবং জনমতের প্রতিফলন আরও বিশ্বাসযোগ্য করার জন্য আমরা তিন হাজার নমুনা নিয়েছি। এটাকে আমরা যথেষ্ট বলে মনে করি। নমুনায়নে দৈবচয়ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে সব শ্রেণীর, সব স্তরের জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।’