জরিপে এগিয়ে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও মার্কিন ডেমোক্র্যাট দলের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা জনপ্রিয়তার দিকে দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে আছেন। বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক জরিপ সংস্থা আইপিসসের ধারাবাহিক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত চার দিন ধরে অনলাইনে এ জরিপ নেওয়া হয়। জরিপে অংশ নেন এক হাজার ৪৫৭ জন। গতকাল শনিবার সর্বশেষ এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।জরিপের তথ্য অনুযায়ী, জনসমর্থনের দিক দিয়ে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির চেয়ে চার শতাংশ এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। জরিপে অংশগ্রহণকারীদের ৪৭ শতাংশ প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে সমর্থন করার কথা জানিয়েছেন। অপরদিকে রমনির পক্ষে এই সমর্থন ৪৩ শতাংশ। একদিন আগে শুক্রবার সমর্থনের অংকটা ছিল ওবামা ৪৬, আর রমনি ৪৪। গত ২৮ আগস্ট ফ্লোরিডার টাম্পায় রিপাবলিকান দলের সম্মেলনে আনুষ্ঠানিক মনোনয়ন পান রমনি। ওই সম্মেলন তাত্ক্ষণিকভাবে তাঁর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল। রয়টার্স ও আইপিসসের এক জরিপ অনুসারে, তখন রমনির জনপ্রিয়তা ছিল বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে দুই পয়েন্ট বেশি। পরে এ ব্যবধান ক্রমশ কমে যায়। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লটে জাতীয় সম্মেলনের মাধ্যমে ডেমোক্র্যাট দল বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে সম্মেলনে ভাষণ দেন ওবামা। এরপর থেকে বিভিন্ন জাতীয় ইস্যুতে ওবামা ও রমনির মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। অর্থনীতি, কর্মসংস্থানসহ নানা বিষয়ে ওবামার সমালোচনায় মুখর তাঁর প্রতিপক্ষ রমনি। কিন্তু তা সত্ত্বেও জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছেন ওবামা।জরিপ পরিচালনাকারী সংস্থা আইপিসসের অনুমান, আগামী ৬ নভেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত ওবামা ও রমনির মধ্যে জনপ্রিয়তার ব্যবধান খুব একটা বেশি হবে না।