জরিপের প্রশ্ন ও উত্তর সুপ্রিম কোর্টে পাঠিয়েছে টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) তাদের খানা জরিপ-২০১০-এর বিচার বিভাগ-সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এসব সুপ্রিম কোর্টে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা প্রথম আলোকে বলেন, ‘টিআইবির তথ্য-উপাত্ত ও একটি সিডি পেয়েছি। সিডিতে কী আছে, পরীক্ষা করে দেখিনি। কর্তৃপক্ষের কাছে তা পেশ করা হয়েছে।’ বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে টিআইবির করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর পাঠানোর জন্য সুপ্রিম কোর্ট গত সোমবার টিআইবিকে চিঠি দেন। চিঠিতে বলা হয়, বিচার বিভাগসংক্রান্ত দুর্নীতির প্রতিবেদনটি অস্পষ্ট ও অসম্পূর্ণ। খানা জরিপের তথ্য-উপাত্তসংক্রান্ত প্রতিবেদনের কপি ও জরিপ-সম্পর্কিত প্রশ্নোত্তর যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটির পরীক্ষা-নিরীক্ষায় তা দেখা গেছে। গত ২৯ ডিসেম্বর টিআইবির জরিপের তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য পাঁচ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর টিআইবির সাম্প্রতিক আলোচিত এক জরিপের প্রতিবেদন ও বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়ে দুর্নীতির নজরদারি করা সংস্থাটিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রথম চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর টিআইবি সুপ্রিম কোর্টকে প্রতিবেদন ও তথ্য পাঠায়।টিআইবির বক্তব্য: গতকাল এক বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জরিপ সম্পর্কে সুপ্রিম কোর্টের তথ্যের চাহিদাকে স্বাগত জানিয়ে বলেন, ‘জরিপের প্রতিবেদনে উপস্থাপিত তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ আদালতের কাছে হস্তান্তরিত প্রশ্নমালা ও খানার দেওয়া উত্তরের সঙ্গে জরিপ ও সামাজিক বিজ্ঞান গবেষণায় সর্বোত্তম পদ্ধতি অনুযায়ী বিশ্লেষণ করলে জরিপের বৈজ্ঞানিক মান, পদ্ধতিগত উৎকর্ষ ও সর্বোচ্চ নির্ভরযোগ্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে।’ইফতেখারুজ্জামান বলেন, ‘নমুনায়নের যে ডিজাইন অনুযায়ী জরিপ পরিচালিত হয়েছে, তার আলোকে সব প্যারামিটারের সঠিক ব্যবহার সাপেক্ষে পর্যালোচনা করলে টিআইবির প্রতিবেদনের যথার্থতা প্রতীয়মান হবে এবং একই সঙ্গে কোনো প্রকার অস্পষ্টতা ও অসম্পূর্ণতার ধারণা দূরীভূত হবে। টিআইবি আশা করে, জরিপে প্রাপ্ত ফলাফল ও উপস্থাপিত সুপারিশমালা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ কর্তৃক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’জরিপ বিজ্ঞানের জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম অনুযায়ী তথ্যদাতার নাম ও পরিচয় প্রকাশযোগ্য নয় বলে তা প্রদান করা হয়নি। তা ছাড়া বিচার বিভাগ থেকে এরূপ তথ্য চাওয়াও হয়নি।জরিপে বিচারব্যবস্থা-সম্পর্কিত সাতটি প্রশ্ন সন্নিবেশিত ছিল। যাদের সেবা নিতে হয়েছে, শুধু তাদের কাছ থেকে মামলার ধরন, আদালতের স্তর, দুর্নীতি ও হয়রানির প্রকৃতি, ঘুষ আদায়, এর কারণ ও পরিমাণ ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয়েছে।ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির এই গবেষণার উদ্দেশ্য কোনো ব্যক্তিবিশেষের প্রতি নির্দেশ না করে সমস্যার ব্যাপকতা ও গভীরতার পরিমাপ করা, জনগণের পক্ষ হয়ে প্রতিকারের চাহিদা সৃষ্টি করা এবং যথাযথ কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা।