জরিমানা মাফের পরও বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মা মাছের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এখনো বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য যাচ্ছে। এতে দেশের মৎস্য সম্পদের এই গুরুত্বপূর্ণ আধারটির পরিবেশ ক্রমেই দূষিত হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে মা মাছ।চট্টগ্রামের হাটহাজারী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গত মে মাসে হালদা নদীতে এক হাজার ৬০০ লিটার বর্জ্য তেল ফেলা হয়। এই দূষণ সম্পর্কে মৎস্য বিভাগ অভিযোগ করলে পরিবেশ অধিদপ্তর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছিল। পরে ‘জাতীয় স্বার্থের’ কথা বলে পরিবেশ ও বন মন্ত্রণালয় ওই জরিমানার টাকা মাফ করে দেয়। কিন্তু বিদ্যুৎকেন্দ্রটি থেকে বর্জ্য তেল নিঃসরণ বন্ধ হয়নি। অতি সম্প্রতি হালদা নদী এবং এর সঙ্গে যুক্ত খালসংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে, এখনো বিদ্যুৎকেন্দ্র থেকে ফার্নেস তেলের বর্জ্য বের হয়ে সেখানে পড়ছে। দেখা গেছে, বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের বাইরের নালা দিয়ে বর্জ্য তেল চেংমারি খাল হয়ে হালদা নদীতে মিশছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই বর্জ্য মা মাছের জন্য খুবই ক্ষতিকর। আর সঙ্গত কারণেই তার প্রভাব পড়বে মাছের উৎপাদনের ওপর। দেশে চাষের রুই মাছের পোনার ৭০ শতাংশই এই হালদা নদী থেকে সংগ্রহ করা হয়ে থাকে। হালদা নদীতে রুই জাতীয় মাছের ডিম পাড়ার কারণ এখানকার পানিতে যথেষ্ট পরিমাণে উদ্ভিদ ও প্রাণী কণা রয়েছে। এগুলো মাছের খাদ্য। স্রোত কম থাকায় এবং তীরবর্তী এলাকায় বসতি ও দূষণ কম থাকায় এখানে ডিমঅলা মাছেরা খাদ্যের খোঁজে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, বিদ্যুৎকেন্দ্র থেকে বের হওয়া ফার্নেস তেল নদীতে পড়ায় পানির ওপর একটি আস্তরণ সৃষ্টি হচ্ছে। এতে প্রাণী ও উদ্ভিদ কণারা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। ফলে মা মাছ এবং ডিম ফুটে বেরোনো পোনারাও খাদ্যাভাবে মরে যাচ্ছে। তেলদূষণ বন্ধ না হলে এখানে মা মাছেরা আর ডিম পাড়তে আসবে না উল্লেখ করে অধ্যাপক কিবরিয়া বলেন, এতে শিগগিরই দেশে মাছের সংকট দেখা দেবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র বলেছে, নদীতে বর্জ্য পড়া বন্ধ করতে মৎস্য বিভাগ এবং মন্ত্রণালয় থেকে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে এই দূষণের প্রমাণ পাওয়া যায়। এর পর বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দীন ভূঁইয়া এবং নুরুল আলম গত ২২ মে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে এসে দূষণের কথা স্বীকার করেন। তাঁরা জানান, বিদ্যুৎকেন্দ্রটি থেকে প্রায় এক হাজার ৬০০ লিটার জ্বালানি তেল ও এর বর্জ্য হালদা নদীতে ছড়িয়ে পড়েছে। তখন ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আপিল বিভাগ ওই জরিমানার পুরো টাকা মাফ করে দিয়েছে। গত ৩০ মে পিডিবি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে জরিমানার টাকা মাফ করে দেওয়ার জন্য আপিল করেছিল। মন্ত্রণালয় এতে সাড়া দেয়। আপিলের রায়ে বলা হয়, সরকারি অর্থায়নে পরিচালিত ওই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যায়। ফলে জাতীয় স্বার্থের কথা চিন্তা করে জরিমানার টাকা মওকুফ করা হোক।৩০ মে তারিখেই নদীদূষণ করার কথা স্বীকার করে এবং ভবিষ্যতে আর দূষণ হবে না, এমন নিশ্চয়তা দিয়ে বিদ্যুৎ বিভাগ থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দেওয়া হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের কাছে বিদ্যুৎ বিভাগের লেখা চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিদিন এক লাখ লিটার ফার্নেস অয়েল ও ১১ হাজার লিটার ডিজেল ব্যবহূত হয়। রেলওয়ের ওয়াগনের মাধ্যমে আনা এই তেল গুদামে তোলার সময় বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে ‘অল্প পরিমাণে’ তেল মাটিতে পড়ে। গত এপ্রিলে অতি বৃষ্টির কারণে দুর্ঘটনাবশত বৃষ্টির পানির সঙ্গে ওই তেল নালার মাধ্যমে চেংখালী খালে গিয়ে পড়ে, যা পরবর্তী সময়ে হালদা নদীতে পড়ে। চিঠিতে বলা হয়, এর ফলে ওই সময়ে নদীর পানি কিছুটা দূষিত হয়। খালে যাতে আর তেল না পড়ে, সে ব্যবস্থা নেওয়ায় দূষণ বন্ধ রয়েছে। ভবিষ্যতে আর দূষণের কোনো সুযোগ নেই। তাই জরিমানার ১০ লাখ টাকা মওকুফ করা হোক। পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র একটি লাল তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এগুলো থেকে উচ্চমাত্রায় পরিবেশ দূষণের আশঙ্কা থাকায় এর জন্য পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক। হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রটি ওই ছাড়পত্র না নিয়েই স্থাপন করেছিল। হাটহাজারী পিকিং বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রথম আলোর প্রশ্নের জবাবে দাবি করেন, বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি কোনো তেল নদীতে পড়ছে না। তিনি বলেন, ‘এ কেন্দ্র থেকে কী ধরনের দূষণ হচ্ছে, তা দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা (ইএমপি) তৈরি করে দেবে। এটি পরিবেশ ছাড়পত্র পাওয়ার একটি শর্ত। আমরা তাদের সুপারিশ অনুযায়ী কাজ করব।’পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ারুল ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, বিদ্যুৎকেন্দ্রটি যদি আবারও তেলদূষণ ঘটিয়ে থাকে, তা হলে অবশ্যই পরিবেশ অধিদপ্তর থেকে অনুসন্ধান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।