জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়নি, বলেছিলেন মইন উ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের জানুয়ারিতে দেশে জরুরি অবস্থা জারির পরিস্থিতি ছিল না বলে এর মাত্র কয়েক দিন আগে অভিমত দিয়েছিলেন সেনাপ্রধানসহ শীর্ষ দুই সেনা কর্মকর্তা। এ দুজন আরও বলেছিলেন, তাঁরা সামরিক শাসন, অভ্যুত্থান বা অসাংবিধানিক কোনো কিছুকে সমর্থন করবেন না।তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসসহ দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের কাছে সেনাপ্রধান মইন উ আহমেদ এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন বলে উইকিলিকসের ফাঁস করা তারবার্তায় লিখেছেন রাষ্ট্রদূত বিউটেনিস।বিদ্যমান চরম রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। ক্ষমতায় আসে সেনা-সমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকার। ওই দিন ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো হয় তারবার্তাটি। এটি ৩০ আগস্ট উইকিলিকসের ফাঁস করা অসম্পাদিত ফাইলগুলোর একটি।বার্তায় উল্লেখ করা হয়, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ চলমান সংকটের সমাধানে সেনাবাহিনীর ভূমিকার জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মিশনগুলো প্রকাশ্য এবং একান্ত বৈঠক—উভয়ভাবেই সেনাবাহিনীর অসাংবিধানিক ভূমিকার ব্যাপারে বিরোধিতা করেছে। এতে আরও বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও সুশীল সমাজের নেতা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিশনে দেখা করে সামরিক বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে সমাধানের বিভিন্ন প্রস্তাব দেন। এ সময় যেসব প্রস্তাব ওঠে সেগুলো হচ্ছে: ১. সেনাবাহিনী কর্তৃক রাষ্ট্রপতি/প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদকে দিয়ে নির্বাচন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া, ২. প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়া, ৩. নতুন প্রধান উপদেষ্টা ও পরিষদ নিয়োগ বা জাতীয় ঐকমত্যের সরকার গঠন।বার্তায় লেখা হয়েছে, ২০০৭ সালের ৮ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ বলেন, সামরিক শাসন, অভ্যুত্থান বা কোনো অসাংবিধানিক কিছু করার ইচ্ছা সেনাবাহিনীর নেই।তারবার্তায় বলা হয়, মার্কিন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ৯ জানুয়ারি বৈঠক করেন মইন উ আহমেদের সঙ্গে। দুই দিন আগে ৭ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস ও ডিফেন্স অ্যাটাশের সঙ্গে বৈঠক হয় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর। শীর্ষ দুই সেনা কর্মকর্তাই এ সময় জানান, তাঁরা সামরিক শাসন, অভ্যুত্থান বা অসাংবিধানিক কোনো কিছুকে সমর্থন করবেন না।বার্তায় রাষ্ট্রদূত লিখেছেন, জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। এটাই আমরা পছন্দ করছি না। আমরা কেন অভ্যুত্থানকে সমর্থন করব?’ চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ দেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর চৌধুরী। তারবার্তায় বলা হয়, মইন উ আহমেদ ও জাহাঙ্গীর চৌধুরী—দুজনই জোর দিয়ে বলেন, বেসামরিক সরকারের সাংবিধানিকভাবে জরুরি অবস্থা জারি করার বিষয়টি প্রেসিডেন্টের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এটা বিশ্বাস করার কারণ নেই যে তাঁরা দুজন বা অন্য কোনো সেনা কর্মকর্তা রাজনৈতিক সমস্যা সমাধানে সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্টকে ‘চাপ’, ‘পরামর্শ’, ‘সুপারিশ’ বা অন্য কোনো উপায়ে প্রভাবিত করবেন।জাহাঙ্গীর চৌধুরী বলেন, তিনি প্রেসিডেন্টকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত এড়িয়ে যেতে বলেছেন। কারণ, জরুরি অবস্থা আইনশৃঙ্খলা-পরিস্থিতি রক্ষায় বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তায় সামরিক বাহিনীর সামর্থ্য বাড়াবে না। জরুরি অবস্থা জারি হলে তা থেকে উত্তরণের সুস্পষ্ট পথও নেই বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।অন্যদিকে মইন উ আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থার প্রয়োজন নেই। নৈরাজ্য বন্ধ না হলে জরুরি অবস্থা জারির প্রয়োজন হতে পারে। তবে ২২ জানুয়ারির নির্বাচনের আগে সে রকম পরিস্থিতি হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে তাঁর। বরং নির্বাচন-পরবর্তী সম্ভাব্য সহিংসতা নিয়ে বেশি উদ্বিগ্ন তিনি। মইন অবশ্য স্বীকার করেন, সেনাবাহিনী আকস্মিক পরিস্থিতি মোকাবিলার জন্য পরিকল্পনা করছে।মইন উ আহমেদ মার্কিন সামরিক কর্মকর্তাকে জানান, তিনি ৮ জানুয়ারি ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে একই ধরনের বৈঠক করেন।তারবার্তায় বলা হয়, ৮ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অনুরোধে তাঁর সঙ্গে বৈঠক করেন বিউটেনিস। ওই পরিস্থিতিতে সেনাবাহিনী-সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকার সম্ভাব্য সমাধান হতে পারে বলে বিউটেনিসকে বলেন এরশাদ।তারবার্তায় বলা হয়, তত্কালীন জাতিসংঘের প্রতিনিধি মার্কিন রাষ্ট্রদূতকে জানান, মইন উ আহমেদ তাঁকে বলেছেন, তাঁর (মইন) ওপর জরুরি অবস্থা বা অন্য কিছু করার কঠিন চাপ রয়েছে এবং তিনি জাতিসংঘ থেকে একটি চিঠি চেয়েছেন। চিঠিতে যেন বলা হয়, অসাংবিধানিক কোনো ভূমিকা নিলে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী সুযোগ হারাতে পারে। মইন উ আহমেদ দাবি করেন, এ রকম একটি চিঠি ছাড়া তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে রাজনৈতিক ভূমিকা থেকে রেহাই পাওয়ার অনুরোধ করতে পারবেন না।তারবার্তায় মন্তব্য করা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা—দুজনই কারও কাছে ক্ষমতা যাওয়ার চেয়ে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ পছন্দ করেন। তাঁরা কেউ কল্পনা করেননি, সামরিক শাসন জারি হলে তাঁদেরই সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।