জরুরি অবস্থার সময়ের তদন্ত প্রতিবেদনটি আমলে নেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনাসদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিতে সংসদীয় কমিটিকে পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ।ফখরুদ্দিন আহমেদ এক ব্যক্তিগত দূত মারফত এ-সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে আজ রোববার দুপুরে পাঠিয়েছেন। এর আগে সাবেক সেনাপ্রধান মইন উ আহমদ সংসদীয় কমিটির কাছে এক চিঠিতে একই পরামর্শ দেন।সংসদীয় কমিটির কাছে পাঠানো চিঠিতে ফখরুদ্দিন আহমদ বলেছেন, ‘২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনাসদস্যদের মধ্যে যে সহিংস ঘটনা ঘটে, তা আমি জানতে পেরে পরের দিন (২১ অগাস্ট) সকল উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করি। বৈঠকে ছাত্রদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরে এক প্রেসনোটে সরকারের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।’চিঠিতে সাবেক এই প্রধান উপদেষ্টা আরও বলেছেন, ‘এর পরও ছাত্রদের প্রতিবাদ অব্যাহত থাকে। পরে পরিস্থিতি আরও সহিংস রূপ নিলে আবারও বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সার্বিক পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার জন্য একমাত্র পথ হিসেবে কারফিউ জারি করার সিদ্ধান্ত হয়। এরপর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে আমি বিষয়টি অবহিত করি। একই সঙ্গে ঘটনার তদন্তে স্বাধীন বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা জানাই।’ফখরুদ্দিন বলেন, ‘বিচারবিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। যে কেউ চাইলে এটা দেখতে পারে। সংসদীয় কমিটিকে এই প্রতিবেদনটি দেখার জন্য অনুরোধ করছি।’সাবেক এই উপদেষ্টা সংসদীয় কমিটির বৈঠকে আসতে না পারার কারণ হিসেবে কিছুই উল্লেখ করেননি।এর আগে চিঠির বিষয়ে জানতে চাইলে রাশেদ খান মেনন সাংবাদিকদের তাঁর একান্ত সচিব নাইমুল আজম খানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।কাল সোমবার বেলা ১১টায় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।