জরুরি আইন ঘোষণার পাঁয়তারা: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ অভিযোগ করে বলেছেন, সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করে জরুরি আইন ঘোষণার পাঁয়তারা করছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, ‘একদিকে হেফাজতে ইসলামকে তাদের কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে সরকার। অন্যদিকে সরকার-সমর্থিত কিছু সংগঠন লংমার্চ প্রতিরোধে হরতাল আহ্বান করেছে। শাহবাগীরাও অবরোধ ঘোষণা করে তৌহিদি জনতার কর্মসূচি বাধাগ্রস্ত করছে।’ তিনি অভিযোগ করেন, পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে সরকার দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে চায়। তিনি অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, ‘১৬তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনুন। তাহলে অস্থিরতা থেকে দেশকে রক্ষা করা যাবে।’আটক নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত আরেকটি মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘দেশজুড়ে আগুন জ্বলছে। পুরো দেশ ফুঁসে উঠছে। সর্বক্ষেত্রে দেশ বিপর্যস্ত। গোটা দেশ আজ সংকটাপন্ন। মানুষ আজ মুক্তি চায়, গণতন্ত্র মুক্তি চায়।’