জরুরি বিভাগের ভবনটি ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ মার্চের ঘটনা। রিকশার চেইনে হাতের আঙুল কেটে যাওয়ায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দেড় বছরের ভাতিজার চিকিৎসা করাতে এসেছিলেন সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ-পূর্বপাড়া গ্রামের মিনারা বেগম (৪৫)। কর্তব্যরত চিকিৎসক সহযোগীদের নিয়ে শিশুটির চিকিৎসা করছিলেন। কিন্তু হঠাৎ জরুরি বিভাগের ওই কক্ষের ছাদের পলেস্তারা খসে একটি বড় টুকরা নিচে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁরা। সেদিনকার দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা তাহমিনা হাসান বলেন, জরুরি বিভাগের এই কক্ষে রোগীদের চিকিৎসা দিতে এখন আমাদেরই ভয় লাগে। কখন যে কী ঘটে বলা যায় না। অল্পের জন্য সেদিন প্রাণে বেঁচে গেছি। বিষয়টি ওই সময়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ৩০ মার্চ বেলা আড়াইটা। সরেজমিন দেখা গেছে, ধরমপাশা সদর ইউনিয়নের রাজনগর গ্রামের হাছিনা বেগম (৩০) পেটের ব্যথায় ভোগা ছয় বছরের ছেলে জাকেরকে নিয়ে এসেছিলেন। জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চিকিৎসাপত্র ও ওষুধ দেন। কিন্তু হাছিনা বেগম হঠাৎ করে উপর দিকে তাকিয়ে ছাদের দশা দেখে তাড়াহুড়া করে সেখান থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, ‘এই হানের ডাক্তারেরা কী চিকিৎসা দিব? হাসপাতালডা তো নিজেই রোগা। কহন যে এইডা পইড়া যায় বলা যায় না। গরিবরা এই হানে চিগিৎসা নিতে আয়। তাই সরহারের এই দিহে নজর নাই।’জরুরি বিভাগের ওয়ার্ডবয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা এমএলএসএস জয়দ্রুত চন্দ্র দাস বলেন, ‘প্রতিদিন এইখানে প্রচুর রোগী আসে চিকিৎসা নিতে। নিজেরাই যে কখন রোগী হয়ে যাই, তার ঠিক-ঠিকানা নাই। জানের মায়া ছাইড়া চাকরি করতাছি।’জরুরি বিভাগের সহকারী চিকিৎসা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘অন্য কোনো কক্ষ খালি না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতেই রোগীদের চিকিৎসা দিচ্ছি।’সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজামাল বলেন, এমনিতেই হাওর এলাকার লোকজন চিকিৎসা সুবিধা বঞ্চিত। তার ওপর জরুরি বিভাগের ভবনটির এ অবস্থায় পড়ে থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফতাব উদ্দিন বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো কাজ হচ্ছে না। জেলা সিভিল সার্জন মো. হারিছ উদ্দিন বলেন, আমি এখানে নতুন এসেছি। ভবনটির দুরবস্থার কথা জেনেছি। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিঞা বলেন, ‘আমি সুনামগঞ্জ জেলা উন্নয়ন কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেছি।’