উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনার সঙ্গে যুক্ত ছয়টি দেশকে নিয়ে একটা জরুরি সভায় বসার আহ্বান জানিয়েছে চীন। দুই কোরিয়া ও চীন ছাড়া বাকি দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান ও রাশিয়া। আগামী ডিসেম্বরেই এ সভা অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছে চীন।চীনের প্রতিনিধি উ ডাউেই আজ রোববার এ প্রস্তাব সম্পর্কে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পর ডিসেম্বরের শুরুতেই এ ছয় দেশের প্রতিনিধিদের নিয়ে বেইজিংয়ে একটা আলোচনার প্রস্তাব দিয়েছে চীন। সংশ্লিষ্ট দেশগুলোর প্রধান প্রধান ইস্যু নিয়ে পরস্পরের সঙ্গে মতবিনিময়ই এ সভার প্রধান উদ্দেশ্য।’ছয় দেশের এ আলোচনা ২০০৯ সালের এপিল থেকে বন্ধ আছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধ করার ব্যাপারে সত্যিকারের কোনো প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা আলোচনা শুরু করবে না। এবারও চীনের এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসতে অনীহা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখে খুব সাবধানতার সঙ্গে ব্যাপারটা মোকাবিলা করবে বলে জানিয়েছে জাপান।গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে উত্তর কোরিয়া হঠাত্ করে ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে দক্ষিণ কোরিয়ার দুজন বেসামরিক লোক ও দুজন মেরিন সেনা নিহত হয়। বিবিসি অনলাইন।