জর্জ ওয়াশিংটনের নেওয়া বই ২২১ বছর পর গ্রন্থাগারে ফেরত এল
নিউইয়র্ক শহরের সবচেয়ে পুরোনো গ্রন্থাগার থেকে ধার করা একটি বই গ্রন্থাগারে ফেরত এসেছে ২২১ বছর পর। বইটি নিউইয়র্ক সোসাইটি লাইব্রেরি থেকে ধার নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।গ্রন্থাগার কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বই ধার নেওয়ার লিখিত বিবরণে দেখা যাচ্ছে, জর্জ ওয়াশিংটন এমার দ্য ভ্যাটেলের দ্য ল অব ন্যাশনস নামের বইটি ১৭৮৯ সালের ৫ অক্টোবর গ্রন্থাগারটি থেকে ধার নিয়েছিলেন। এরপর বইটি আর ফেরত আসেনি কিংবা বইটি ফেরত দিতে দেরি হওয়ার জন্য কোনো জরিমানাও দেওয়া হয়নি। হিসাব করে দেখা গেছে, এখন এই জরিমানার পরিমাণ প্রায় তিন লাখ ডলারে এসে দাঁড়িয়েছে।নিউইয়র্ক সোসাইটি লাইব্রেরি থেকে ১৭৮৯ সাল থেকে ১৭৯২ সাল পর্যন্ত ধার দেওয়া বইপত্রের লিখিত বিবরণ যখন নতুন করে সাজানো হচ্ছিল তখন এ হারানো বইটির তথ্য সবার নজরে আসে। বিবরণে দেখা যায়, বইটি জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস, জন জে, আরন বার, আলেকজান্ডার হ্যামিলটন, জর্জ ক্লিনটনসহ অনেকেই ধার নিয়েছিলেন।গ্রন্থাগারটি তার বইপত্রের একটি তালিকা তৈরি করে ও নিশ্চিত হয় যে বইটি জর্জ ওয়াশিংটনই নিয়েছেন এবং সেটি তখনো ফেরত আসেনি। এক বিবৃতিতে গ্রন্থাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি দ্য নিউইয়র্ক ডেইলি নিউজে এই হারানো বইটি নিয়ে একটি নিবন্ধ ছাপার আগ পর্যন্ত এত বছর ধরে তারা বিষয়টি গোপন রেখেছিলেন। দ্য নিউইয়র্ক ডেইলি নিউজে নিবন্ধটি ছাপা হওয়ার পর বিষয়টি জানতে পেরে ভার্জিনিয়ার মাউন্ট ভারননে জর্জ ওয়াশিংটনের বাড়ির কমচারীরা হারিয়ে যাওয়া বইটির একই সংস্করণের আরেকটি কপি গ্রন্থাগারটিতে জমা দেওয়ার প্রস্তাব করেন।ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে ১৯ মে একটি অনুষ্ঠানের আয়োজন করে গ্রন্থাগার কর্তৃপক্ষ, যেখানে ২২১ বছর আগে হারানো বইটি আবার গ্রন্থাগারে ফেরত আনা হলো।