জর্ডানে আইনি গ্যাঁড়াকলে অনলাইন
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গণমাধ্যম-বিষয়ক একটি নতুন আইন অনুমোদন করেছেন, যা অনলাইনভিত্তিক মতপ্রকাশের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়াবে বলে সমালোচকেরা আশঙ্কা করছেন। গত সোমবার প্রেস অ্যান্ড পাবলিকেশনস আইনে সংশোধন এনে তা অনুমোদন করা হয়। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ইলেকট্রনিক প্রকাশনার জন্য ওয়েবসাইটকে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে। এই আইন অনুযায়ী ওয়েবসাইট বন্ধ ও অনলাইনে প্রকাশিত যেকোনো বিষয় কাটছাঁট করার ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এ ছাড়া অনলাইনে প্রকাশিত সংবাদ বা লেখার জন্য প্রকাশিত পাঠক মন্তব্যের জন্য দায়ী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠানের মালিককে আটক করার বিধানও রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ বিধানের সমালোচনা করে বলেছে, সরকার বিরোধী মতাবলম্বী ও সমালোচকদের হেনস্তা করতে এ আইন প্রয়োগ করবে। গণমাধ্যমের কর্মী ও সাধারণ নাগরিকদের তাঁদের মন্তব্যের জন্য এ আইনের অধীনে অভিযুক্ত করে শাস্তির মুখোমুখি করার আশঙ্কাও প্রকাশ করেছে সংগঠনটি।আইনে ইলেকট্রনিক প্রকাশনার সংজ্ঞায় বলা হয়েছে, নির্দিষ্ট ডোমেইনযুক্ত ইলেকট্রনিক সাইট, যার মাধ্যমে বিভিন্ন প্রকাশনা প্রকাশিত হয়। জর্ডানের অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পর্কের বিষয়ে সংবাদ, অনুসন্ধান, প্রবন্ধ বা মন্তব্য প্রতিবেদন প্রকাশের জন্য প্রতিটি ওয়েবসাইটকে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে। কোনো ওয়েবসাইট নিবন্ধন না করলে বা আইন লঙ্ঘন করলে জর্ডানের সংস্কৃতি মন্ত্রণালয় কারণ দর্শানো বা আদালতের নির্দেশ ছাড়াই ওয়েবসাইটটি বন্ধ, এমনকি ওই ওয়েবসাইটের কার্যালয়ও বন্ধ করে দিতে পারবে।ওয়েবসাইটে প্রকাশিত পাঠকের মন্তব্যের জন্য মালিক, সম্পাদক ও পরিচালককে দায়দায়িত্ব নিতে হবে। সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় কিংবা সত্যতা যাচাই করা হয়নি অথবা আইন লঙ্ঘন করেছে এমন তথ্য প্রকাশ করা যাবে না।কোনো যুক্তিসংগত কারণ না দেখিয়ে পাঠকের মন্তব্য নিয়ে সরকারের এমন কঠোর অবস্থান তাদের মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করবে বলে হিউম্যান রাইটস ওয়াচ আশঙ্কা প্রকাশ করেছে।বার্তা সংস্থা এপি জানিয়েছে, নতুন এই আইনের কারণে দেশটির প্রায় ৪০০ ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হবে। সরকারি ব্যবস্থাকে হেয় করার অভিযোগে গত এপ্রিলে জর্ডানের নিরাপত্তা আদালত জেরাসা নিউজ ওয়েবসাইটের সম্পাদককে আটকাদেশ দেন। ওই ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে অভিযোগ করা হয়, দুর্নীতি মামলার তদন্তে বাদশাহ হস্তক্ষেপ করেছেন। পরে এই মামলার তদন্তকাজ শুরু করা হলেও বিচারপ্রক্রিয়া এখনো শুরু হয়নি।