বেতন বাড়ানোর দাবিতে জর্ডানে এশিয়ান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। বেতন বাড়ানোর আশ্বাস পেয়ে আজ শনিবার একটি কারখানার ১৩০ জন বাংলাদেশি শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তবে বাকি ছয়টি কারখানায় এখনো ধর্মঘট চলছে। জানা গেছে, ১১০ জর্ডানি দিনার (১১ হাজার টাকা) থেকে বেতন বাড়িয়ে ১৫০ দিনার করার দাবিতে জর্ডানে কর্মরত কয়েকটি এশীয় দেশের প্রায় ১০ হাজার শ্রমিক এ বিক্ষোভ করছেন। এর মধ্যে অন্তত দুই হাজার বাংলাদেশি। রাজধানী আম্মানের কিছু দূরে সাহাব শিল্পাঞ্চলের এক পোশাক কারখানায় ২১ দিন আগে এ বিক্ষোভ শুরু হয়।জর্ডানের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তৌফিক ইসলাম শাতিল প্রথম আলোকে জানিয়েছেন, জর্ডানের শ্রম আইন অনুযায়ী স্থানীয় শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ১৫০ দিনার এবং বিদেশিদের ১১০ দিনার। বিদেশি শ্রমিকেরাও এখন ১৫০ দিনারের দাবিতে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে হাজার খানেক বাংলাদেশি আছেন।বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তৌফিক ইসলাম জানান, আজ রেইনবো টেক্সটাইল কোম্পানি লিমিটেডের ১৩০ জন বাংলাদেশি কর্মী কোম্পানির মালিকদের বেতন বাড়ানোর আশ্বাস পেয়ে কাজে যোগ দিয়েছেন। বেতন বাড়ানোর আশ্বাস পেলে আরও কয়েকটি কারখানার কর্মীরাও কাজে যোগ দিতে পারেন।