জর্ডানে বিক্ষোভকারী বাংলাদেশি শ্রমিকেরা কাজে যোগ দিলেন
জর্ডানের পোশাক কারখানাগুলোতে বাংলাদেশি সব শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বেতন বাড়ানোর দাবিতে তাঁরা তিন সপ্তাহ আগে থেকে বিক্ষোভ শুরু করেছিলেন। জর্ডানের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে সবাই কাজে যোগ দিয়েছেন।জর্ডানের রাজধানী আম্মানের সাহাব শিল্প এলাকার আলতাজোমোর স্টার্লিং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের শ্রমিকেরা প্রথম এই বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আরও সাতটি কারখানায়।জর্ডানের স্টার্লিং কারখানার বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি বরিশালের আবদুল হাই আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘১১০ জর্ডান দিনার (১১ হাজার টাকা) থেকে ১৫০ দিনার (১৫ হাজার টাকা) বেতন করার দাবিতে আমরা এই বিক্ষোভ শুরু করেছিলাম। কিন্তু কোম্পানি আমাদের বেতন ১৫ দিনার করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাই এই দাবি মেনে কাজে যোগ দিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই।’জর্ডানের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তৌফিক ইসলাম শালতি প্রথম আলোকে জানান, বেতন বাড়ানোর আশ্বাস পেয়ে রেইনবো টেক্সটাইল কোম্পানির ১৩০ জন বাংলাদেশি কর্মী প্রথম ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন।গত বৃহস্পতিবার ওয়েসিস টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বাদে অন্য সবাই কাজে যোগ দেন। এমনকি যে অ্যাপারেল কারখানার ৩৪০ বাংলাদেশি বিক্ষোভ শুরু করেছিলেন, তাঁরাও গত সপ্তাহে কাজে যোগ দিয়েছেন। সর্বশেষ ওয়েসিস কারখানার ৩২০ জন শ্রমিকও কাজে যোগ দিয়েছেন। ফলে পরিস্থিতি এখন শান্ত।কর্মীরা এখন কত করে বেতন পাবেন, জানতে চাইলে তৌফিক ইসলাম বলেন, কোম্পানিগুলো ১৫ দিনার করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১১০ দিনার থেকে বেতন বেড়ে কর্মীদের বেতন হবে ১২৫।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমআইটি) হিসাব অনুযায়ী, জর্ডানে প্রায় ৩০ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত। তাঁদের বেশির ভাগই কাজ করেন পোশাক কারখানায়।