জল ও স্থলের মিলিত নগর
ঢাকাসহ সারা বাংলাদেশে যা আছে, তা হলো স্থলভিত্তিক পরিকল্পনা। দেশের মূল বাস্তবতা থেকে এটি আমাদের অনেক দূরে সরিয়ে রেখেছে। সত্যিকার অর্থে আমাদের পরিকল্পনার আয়োজনে দরকার জল ও স্থলের সমন্বয়।ঢাকা শহরের যে একটা পানিভিত্তিক ঐতিহ্য ছিল, সেটা হারিয়ে গেছে। নদী হয়েছে নর্দমা। জলাশয় হয়েছে আবর্জনা। আর বর্ষাকাল এখন একটি অব্যর্থ যন্ত্রণা।বুড়িগঙ্গা নদীর উত্তরসূরি হয়েও ঢাকা ভুলে গেছে যে তার অবস্থান পৃথিবীর অন্যতম গতিময় জলশক্তির মধ্যে। কিছুদিন আগ পর্যন্ত ঢাকা ছিল একটি ব-দ্বীপ নগর—নদীনালা, খালবিল, জলাভূমি মিলেমিশে যেখানে সৃষ্টি হয়েছিল এক বিশেষ গড়ন। এই জলবেষ্টিত পরিবেশ শুধু একটি নৈসর্গিক দৃশ্যপটই তুলে ধরে না, বরং প্রকাশ করে এই পরিবেশের সঙ্গে জড়িত মানুষের চলাচল, পানির গতি, জীবনযাপনের উৎসব তথা একটি বিশিষ্ট জীবনধারা। খুব কম পরিকল্পনাবিদ আর নীতিনির্ধারকই খেয়াল রাখেন যে ঢাকা একটি নাজুক স্থলভূমি। একে ঘিরে আছে তিনটি নদী আর একধরনের তরল ভূমি। খুব কম মানুষই এ ব্যাপারে সচেতন যে ঢাকা আসলে প্রায় একটা দ্বীপ।এ ধরনের পরিবেশের পরিকল্পনায় প্রয়োজন জল ও স্থলের সমন্বয়; জল বনাম স্থল নয়। এখানে পানি বাড়ছে, আবার কমছে; পানি আসছে, আবার যাচ্ছে। এর ফলে ঢাকায় বসতি আর জলাভূমির সীমানা সব সময় চঞ্চল ও পরিবর্তমান। এ অবস্থায় প্রশ্ন দাঁড়ায়, তাহলে নির্মিত শহরের সীমানা কোথায় এবং সেটা কীভাবে নির্ধারিত হবে? সেখানে কী ঘটতে পারে? এই পরিস্থিতি উপলব্ধি করার জন্য প্রয়োজন গভীর প্রজ্ঞা, আমাদের গতানুগতিক প্রশিক্ষণে যার অভাব রয়েছে।সচেতন পরিকল্পনাকারীদের কাছে বড় চ্যালেঞ্জ হলো, শহরের ক্রমবিস্তার আর শুষ্ক জমির বাসনা মনে রেখেও জল ও স্থলের সমন্বয় কীভাবে করা সম্ভব।ঢাকার নির্দয় বাস্তবতা তৈরি হচ্ছে তিনভাবে: বাঁধ দেওয়া, মাটি ভরাট করা এবং উন্নতির নামে শুষ্ক জায়গা তৈরি করা। এই কর্মকাণ্ডের বিপরীতে রয়েছে জলাভূমি ধরে রাখার নীতিগত দায়িত্ব। অর্থাৎ, কৃষিজমি বিনষ্ট না করা, জলাধার তৈরি করা, উন্মুক্ত স্থান সংরক্ষণ করা। ড্যাপ নিয়ে তুমুল বিতর্ক হয়ে গেল মূলত এই দ্বন্দ্বমুখর বিষয়টা নিয়েই। ড্যাপ শুধু সংরক্ষণের কথা বলছে। আমরা বলব, সেটা জরুরি। এর পাশাপাশি দরকার এই বৈপরীত্যের কথা মনে রেখেই পরিকল্পিত বসতি, গৃহায়ণের নমুনা এবং শহরের পরিবেশগত পরিকল্পনার জন্য অভিনব ভাবনা ও নতুন উদাহরণ।একটা ব্যাপার পরিষ্কার, গতানুগতিক চিন্তায় ঢাকার পরিকল্পনা করা হয় তার কেন্দ্রস্থল থেকে, যেটা মোটামুটি উঁচু ও শুষ্ক স্তরে অবস্থান করছে। নতুন রূপকল্পে পরিকল্পনা শুরু করতে হবে প্রান্তসীমা থেকে, যেখানে জল, স্থল ও কৃষির নিবিড় সংগতিপূর্ণ সমন্বয় এখনো হারিয়ে যায়নি। এ রকম অবস্থান থেকে আবির্ভূত হবে নতুন এক শহরের ধারণা, যা নগর, কৃষি-অবকাঠামো ও জলপ্লাবন মিলে উপহার দেবে একটা উষ্ণমণ্ডলীয় নগরায়ণ।এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো, ঢাকার নদ-নদীর পাড়ের গঠনকৌশলের একটা সামগ্রিক ভাষা বা রীতি দাঁড় করানো। গঠন বলতে আমরা শুধু দালান-ইমারত বোঝাচ্ছি না, পানির মাঝখানে খুঁটি গাড়াও বোঝাচ্ছি না; প্রস্তাব করছি পাড় ধরে চত্বর, বাগান, পার্ক বা উদ্যানসড়ক নির্মাণের। মূলকথা হলো, সর্বসাধারণের ব্যবহার আর উপভোগের জন্য দরকার মানুষের মিলনক্ষেত্র বা পরিসর। এ রকম গঠনরীতি তৈরি হলে সেটাই হবে নদীর কিনার সংরক্ষণ করার শস্ত্র। নদীর কিনারে বাড়িঘর থাকতে পারে, কিন্তু এমন ব্যবস্থা নিতে হবে যাতে ছাদগুলো হতে পারে মানুষের সামাজিক পরিসর। বেড়িবাঁধের প্রযুক্তি ইতিমধ্যে ঢাকার পশ্চিমাংশ ঘিরে ফেলেছে। পূর্ব দিকের কাজ সম্পন্ন হলে পুরো ঢাকা শহর ঘিরে তৈরি হবে বেষ্টনী। পৃথিবীর বিভিন্ন শহর পর্যবেক্ষণ করলে বোঝা যায়, বাঁধের ফল দ্বিমুখী। ঘের দিলে লাভ আছে বটে, আবার পানির গতি বাধা পেলে তার ক্ষতিও আছে। বাঁধ দেওয়া যেতে পারে, কিন্তু তার আকার-প্রকার হতে পারে ভিন্ন ধারার। এমন বাঁধ কি তৈরি করা যায় না, যেটা পুনর্বিন্যস্ত করে কয়েকটা মিনিবাঁধ তৈরি করা সম্ভব? এতে ঘের দেওয়া জায়গা তৈরি হবে, যেখানে প্রয়োজনমতো পানি ধরে রাখা যাবে, বাঁধের দুই দিকের পানির প্রবাহ সঞ্চালন ও নিয়ন্ত্রণ করা যাবে। এই নিয়ন্ত্রিত পানি কৃষিকাজ, মাছের চাষ, পানির পুনর্ব্যবহার ও দৈনন্দিন ব্যবহারের কাজে সংরক্ষণ করা যাবে। মিনিবাঁধের ওপর হাঁটাচলার পথ হতে পারে। বসবাসের জন্য বাড়িঘরও হতে পারে।বড়সড় প্রকল্পের জন্য বাঁধ অবকাঠামোও হতে পারে। এই বাঁধ ধরে নির্মিত হতে পারে পরিকল্পিত ঘনবসতি, একধরনের একরৈখিক নগর। এখানে সুনির্দিষ্ট জায়গায় থাকবে গৃহায়ণের আয়োজন। এর পাশাপাশি থাকবে মানুষের মিলনক্ষেত্র, গণপরিবহন ও পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা। আয়োজনটি বড়, তবে ঢাকার বিকেন্দ্রীকরণে এটি সহায়ক হবে।ঢাকার নগরায়ণের নমুনা যেকোনো চিন্তাশীল মানুষকে বিচলিত করার জন্য যথেষ্ট। এ মুহূর্তে হাউজিং সোসাইটির নামে চলছে এক বেপরোয়া উন্মাদনা। খালবিল, কৃষিজমি ও জলপ্লাবিত বিস্তীর্ণ নিম্নভূমি ভরাট করে ঢাকার নাজুক জল-ভৌগোলিক পরিবেশ বদলে ফেলা হচ্ছে। অথচ অন্যভাবেও চিন্তা করা সম্ভব। পানির সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে পানি আর শহরের একটা সংলাপ তৈরি করা যায়। এ রকম আয়োজনে থাকতে পারে নিম্নাঞ্চলের ওপর হালকা কাঠামোয় চলাচলের ব্যবস্থা, বাসগৃহ ও মানুষের মিলনক্ষেত্রের পরিবেশ। নিচু জায়গায় যথারীতি থাকবে কৃষিভূমি, বাগান বা মাছ চাষের ব্যবস্থা। নির্মিত কাঠামোর নিম্নাংশ পানির প্রবাহের জন্য থাকবে খোলামেলা।কোনো কোনো এলাকায় প্লাবনের পানি প্রবেশ করার ব্যবস্থা করা যেতে পারে। পানির হ্রাস-বৃদ্ধির প্রকৃতি ব্যবহার করে গোছানো যেতে পারে উদ্যান ও ফল-ফুলের বাগান। জনসাধারণের ব্যবহারের জন্য এসব জায়গা থাকবে উন্মুক্ত। সেচের কাজেও এ ব্যবস্থা উপযোগী হবে।সবশেষে বলতে হয়, পানি মানেই ভাসমানতা ও ভাসমান স্থাপত্য। কিছু নির্দিষ্ট জায়গায়—যেখানে পানির রেশ সার্বক্ষণিক—ভাসমান বসতির প্রকল্প হাতে নেওয়া যায়। চেষ্টা করে দেখা যেতে, পারে পানি ও পানিভিত্তিক সম্পদের ওপর পুরোপুরি ভর করে একটা স্বয়ংসম্পূর্ণ বসতি তৈরি করা যায় কি না। এমনকি ফল-ফুল ও শাকসবজির বাগানও সেখানে হবে ভাসমান। এর পারিপার্শ্বিক এলাকায় হতে পারে ধানচাষের ব্যবস্থা। বসতি, খাদ্য উৎপাদন, কর্মজীবন—সব মিলে স্বতন্ত্র ও স্বনির্ভর এক সমাজ। শহরের সীমানায় নিম্নাঞ্চলীয় পরিবেশে এমন বসতি তৈরি করার আরও একটা কারণ হলো, একবার চেষ্টা করে দেখা যে কৃষি-পরিবেশ আর নাগরিক ব্যবস্থা মিলে একটা নতুন শহরের আয়োজন আদৌ করা যায় কি না, যার অভিধা হবে ‘কৃষি-নগরায়ণ’।[email protected]কাজী খালিদ আশরাফ: স্থপতি ও নগরচিন্তাবিদ; যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।