জলকরবাসী রাস্তাটি নিয়ে ভুগছে চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের জলকরে যাওয়ার একমাত্র সড়কটি খানাখন্দে ভরে বেহাল হয়ে গেছে। এ পথে এখন রিকশাসহ যেকোনো যানবাহন চলাচল করে অত্যন্ত ঝুঁকি নিয়ে।সরেজমিনে দেখা গেছে, জলকর মোড়ের সড়কটিতে বড় বড় গর্ত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে। এসব গর্তে ঝাঁকি খেয়ে ঝুঁকি নিয়ে পথ পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। এ অবস্থা চলে আসছে চার বছর ধরে। বেহাল দশার কারণে এ পথে শহরের নীলকণ্ঠ, সোডা পীরের মাজার, জুম্মাপাড়া, নিউ জুম্মাপাড়া, হনুমানতলা, ইসলামপুরসহ আরও কয়েকটি পাড়া-মহল্লায় যেতে লোকজনকে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকার সড়কের এ দশা অথচ পৌর কর্তৃপক্ষের নজরেই পড়ে না। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদন করলেও কোনো লাভ হয়নি।জলকর মোড়ের ব্যবসায়ী আবেদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভার কাজই হলো নগরবাসীর সুযোগ-সুবিধা দেখা। অথচ তাদের সেদিকে ভ্রূক্ষেপই নেই। অনেক আবেদন-নিবেদন করেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।জলকর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, নাগরিক সুবিধা দিতে ব্যর্থ পৌরসভা। কিন্তু পৌরকর আদায়ের বেলায় তো তাদের ভুল হয় না।নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন গৃহিণী বলেন, ‘ভোটের সময় তাদের মুখ থেকে কত আশ্বাস শোনা যায়। কিন্তু যেই না জিতা গেল, তাগো আর কোনো খবর থাকে না।’একজন রিকশাচালক রহিম মিয়া বলেন, ‘এই এলাকায় খ্যাপ মারতে আইলে রিকশার একটা না-একটা কিছু ক্ষতি হইবই।’ এলাকাবাসী শেখ মোহাম্মদ বলেন, এই এলাকায় রিকশাও আসতে চায় না।স্থানীয় কাউন্সিলর আজমল হোসেন অভিযোগ করেন, এই এলাকার প্রতি মেয়রের সুনজর না থাকায় সড়কটির এ দশা। ফলে নাগরিক বিড়ম্বনাও ঘুচছে না। পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, শহরে এমন অনেক সড়ক আছে। অর্থের অভাবে এগুলো সংস্কার করা সম্ভব হয় না। বরাদ্দ পেলেই এসব রাস্তায় কাজ করা হবে।