জলঢাকায় জামায়াতের মিছিল থেকে গ্রেপ্তার ৫
নীলফামারীর জলঢাকা উপজেলা শহরে জামায়াত ও শিবির মিছিল বের করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: জামায়াতকর্মী মোজাফফর হোসেন (৪০), আজগার আলী (৪৮), জয়নাল আবেদীন (৪৫), আনিছুর রহমান (৫৫) ও শিবিরকর্মী হামিদুল ইসলাম (২২)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠি হাতে সরকারবিরোধী শ্লোগান দিয়ে শহরে মিছিল বের করেন। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করে। জলঢাকা উপজেলা জামায়াতের আমির আবদুল গনি জানান, তাঁরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে একটি মিছিল বের করেন। বেলা ১১টায় প্রায় ৫০০ নেতা-কর্মী নিয়ে মিছিলটি জামায়াত অফিস থেকে বের হয়ে দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণভাবে জামায়াত অফিসে এসে শেষ করে। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণের সময় ৮-১০ জন পুলিশ এসে নেতা-কর্মীদের লাঠিপেটা করতে থাকে। এ সময় ছয়-সাতজন কর্মী আহত হন। সেখান থেকে পুলিশ জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে। মিছিল ছত্রভঙ্গ ও কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি শেখ লেলিন আলমগীর জানান, হঠাত্ করে বেলা ১১টার দিকে লাঠিসোঁটা হাতে মারমুখী অবস্থায় জামায়াত-শিবির শহরে জঙ্গি মিছিল বের করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের ছত্রভঙ্গ ও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।