জলদস্যু থেকে জননেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা আওয়ামী লীগে অনেক নতুন মুখ যোগ হচ্ছে। জেলার শীর্ষ নেতারা এই নতুনদের বরণ করলেও সাধারণ কর্মীরা এতে ভীত। এ রকম দুই নতুন মুখের বিষয়ে অনুসন্ধান করেছেনঘটনাবহুল জীবন তাঁর। জলদস্যু হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি। খুন-ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে ২৮টি মামলা হয়েছে। সর্বশেষ পরিচয়—তিনি নেতা, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা। নাম মোহাম্মদ হোসেন মুক্তা। র‌্যাব-পুলিশের একসময়ের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী গত ১ জুন খুলনা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শুধু যোগদানই নয়, দলে ভোট বাড়ানোর দায়িত্বও পড়েছে তাঁর কাঁধে। আওয়ামী লীগে যোগ দেওয়া এবারই প্রথম নয়। ১৯৮৯ সালে একবার আওয়ামী লীগে যোগ দিয়ে শৃঙ্খলাভঙ্গের অপরাধে বহিষ্কার হয়েছিলেন তিনি। এরপর এরশাদের জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা হয় তাঁর। সব সময় ক্ষমতাসীনদের সঙ্গেই তাঁর সখ্য। এ জন্য মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কেউ মুখ খুলতেও চায় না।গত ১৫ বছরে খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজাসহ অনেক নেতা মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে সভা-সমাবেশ করেছেন। তাঁর বিরুদ্ধে রূপসা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপরাধের অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগের নেতারা।শাসক দলে যোগ দেওয়ার তিন মাসের মাথায় প্রভাবশালী নেতা হয়ে ওঠেন মোহাম্মদ হোসেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে খুলনা শহরের রূপসা থানার লবণচূড়া এলাকায় পাঁচ একর জমি দখলের অভিযোগ ওঠে।তবে মোহাম্মদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি—কোনো দলই তাঁকে কোনো দিন সহায়তা করেনি। বরং রূপসা ও লবণচূড়া এলাকার জেলেদের মধ্যে জনপ্রিয়তার কারণে খুলনার বড় নেতারা তাঁকে ঈর্ষা করেন। সম্প্রতি মেয়র আবদুল খালেক ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমানের অনুরোধে তিনি দলের ভোট বাড়ানোর দায়িত্ব নিয়েছেন।মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে জলদস্যুতা, সন্ত্রাসসহ নানা অভিযোগের কথা স্বীকার করেন মেয়র তালুকদার আবদুল খালেক। মেয়রের মতে, কেউ ভালো হতে চাইলে তাঁকে সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ তাঁকে দলে ভিড়িয়ে রূপসা এলাকায় সন্ত্রাস কমানোর উদ্যোগ নিয়েছে।খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি পেয়েছিল সাড়ে ১০ হাজার ভোট। আওয়ামী লীগের ভোট ছিল সাড়ে পাঁচ হাজার। আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগের পক্ষে ভোট বাড়ে, সে জন্য স্থানীয় জেলেদের মধ্যে প্রভাবশালী ও ধনী ব্যক্তি হিসেবে মোহাম্মদ হোসেনকে দলে নেওয়া হয়েছে।৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন ১৯৮৮ সালে বঙ্গোপসাগরে একটি ভারতীয় মাছ ধরার নৌকা ছিনতাই করে মংলা বন্দরে নিয়ে এসেছিলেন। সেই থেকে তাঁর নাম হয় ‘দস্যু মুক্তা’। তখন জাতীয় পার্টির সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় পার পেয়ে যান তিনি।এ বিষয়ে মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, একটি ভারতীয় জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেলে তাঁর মালিকানাধীন নৌযানে ১৪ জন ভারতীয় জেলে আশ্রয় নেন। তাঁদের উদ্ধার করে রূপসায় আনা হলে স্থানীয় অনেকে তাঁর বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তোলে।১৯৮৯ সালে সারা দেশে এরশাদবিরোধী আন্দোলন জোরদার হলে মোহাম্মদ হোসেন আওয়ামী লীগে যোগ দেন। একানব্বইয়ের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তিনি আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের বিরোধিতা শুরু করেন।১৯৯৬ সালের নির্বাচনে মোহাম্মদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা-২ আসন থেকে নির্বাচনে অংশ নেন। অভিযোগ আছে, এ নির্বাচনে তিনি বিএনপির নেতা শেখ রাজ্জাক আলীর পক্ষে কাজ করেন এবং খুলনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল ইমাম হেরে যান।মোহাম্মদ হোসেন ২০০২ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর হন। ২০০৩ সালের মাঝামাঝি সময় থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন। ২০০৮ সালের সিটি নির্বাচনে আত্মগোপনে থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।মোহাম্মদ হোসেন র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ ২৮টি মামলা ছিল। এ ছাড়া খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অসংখ্য জিডি আছে। ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার পর মামলাগুলো ধামাচাপা পড়েছে।গ্রেপ্তার এড়াতে মোহাম্মদ হোসেন গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এবং এর আগে প্রায় পাঁচ বছর আত্মগোপনে ছিলেন। সেনাবাহিনীর নেতৃত্বাধীন অপারেশন ক্লিন হার্ট, অপারেশন স্পাইডার ওয়েব, যৌথ বাহিনীর অভিযানসহ বিভিন্ন সময়ে র‌্যাব-পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য দফায় দফায় অভিযান চালায়। তিনি চারবার গ্রেপ্তার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খুলনা মহানগর পুলিশের কমিশনার শফিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে জলদস্যু হিসেবে মোহাম্মদ হোসেনের নাম শুনেছি। তিনি একজন নির্বাচিত কাউন্সিলর। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ আরও যত অভিযোগ: মোহাম্মদ হোসেন ও তাঁর বাহিনীর হুমকি-ভয়ভীতির কারণে ২০০৮ সালে সিটি নির্বাচনে অনেকেই ভোটকেন্দ্রে যেতে পারেননি। ভোটারদেরও হুমকির মুখে ভোট দিতে হয়েছে, যা ওই সময় স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়। ২০০৪ সালের ৩১ জানুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশের তৈরি করা খুলনা মহানগর এলাকার সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, খুনি ও চাঁদাবাজদের নামের হালনাগাদ তালিকায় মোহাম্মদ হোসেনের নাম ছিল ৭৬ নম্বরে। তাঁর বিরুদ্ধে সুন্দরবনের বনদস্যুদের একটি দলকে পৃষ্ঠপোষকতা করারও অভিযোগ আছে।খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজা প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদ হোসেনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় সভা-সমাবেশ করা হয়েছিল। মেয়র তালুকদার খালেকসহ খুলনা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত থেকে মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এখন কোন কারণে, কীভাবে মোহাম্মদ হোসেন আওয়ামী লীগে যোগ দিলেন, তা আমার বোধগম্য হচ্ছে না।’