জলদস্যুদের উৎপাত লাইটার জাহাজে আনসার মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়া দ্বীপের কাছে একটি বড় জাহাজ থেকে সিমেন্টের ক্লিংকার খালাস করার কাজ পেয়েছে চারটি লাইটার জাহাজ। ওই জাহাজগুলো গতকাল রোববার সারা দিন কর্ণফুলী নদীর ১৫ নম্বর খালের মুখে নোঙর করা ছিল। পরে রাতে আনসারদের সশস্ত্র পাহারায় এগুলো বহির্নোঙরের উদ্দেশে যাত্রা করে।কুতুবদিয়া দ্বীপের কাছে লাইটার জাহাজে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটার কারণে এই পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। ডাকাতির কারণে কোনো কোনো মালিক পতেঙ্গা উপকূল থেকে এখন কুতুবদিয়ার কাছে পণ্য খালাসে জাহাজ পাঠাতে চান না।লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সমন্বয়কারী কাজী বেলায়েত হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘লাইটার জাহাজের নিরাপত্তা দেওয়ার কথা কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে। অথচ আমরা জাহাজে সে ধরনের কোনো সহায়তা পাচ্ছি না। এ জন্য আমরা কুতুবদিয়াগামী জাহাজে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি।’ডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গতকাল সকালে বহির্নোঙরের বড় জাহাজ এমভি সি স্টার থেকে সিমেন্ট-ক্লিংকার নিয়ে উপকূলে আসার পথে এমভি আল জিহাদ নামের একটি লাইটার জাহাজ জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জাহাজের নাবিকেরা প্রতিরোধে এগিয়ে এলে জলদস্যুরা পিছু হটে। এ খবর জানাজানির পর আর কোনো লাইটার জাহাজ উপকূল থেকে কুতুবদিয়ার দিকে যায়নি।সূত্রমতে, এ ঘটনার দুই দিন আগে শুক্রবার সকালে এমভি মালিয়া নামের আরেকটি লাইটার জাহাজ প্রায় একই এলাকায় জলদস্যুদের কবলে পড়ে। এমভি মালিয়া কুতুবদিয়ার কাছে নোঙর করা একটি বড় জাহাজ থেকে ক্লিংকার নিয়ে উপকূলের দিকে আসছিল। জলদস্যুরা এই জাহাজের ছয়-সাতজন নাবিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। জলদস্যুরা জাহাজের ত্রিপল, নোঙরের রশি, রঙের টিনসহ বিভিন্ন ধরনের বহনযোগ্য মালামাল খুলে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের দাম প্রায় পাঁচ লাখ টাকা।এমভি মলিয়ার মালিক হাজি শফিক আহমদ বলেন, বহির্নোঙরের নিরাপত্তা বিধানের দায়িত্ব নৌবাহিনী ও কোস্টগার্ডের। যখন কোস্টগার্ডকে ডাকা হয়, তখনই তারা (কোস্টগার্ড) তৎপর হয়। কিন্তু কোস্টগার্ডের জাহাজ যাওয়ার আগেই জলদস্যুরা ডাকাতি শেষ করে। এ কারণে লাইটার জাহাজের নাবিকেরা সাগরে যেতে রাজি হচ্ছেন না।কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তারা ও নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। অনেক সময় দেরিতে জানানো হয় বলে জলদস্যুদের গ্রেপ্তার করা যায় না।কোস্টগার্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা এত বিশাল যে সব সময় নজরে রাখা সম্ভব হয় না। আবার লাইটার জাহাজগুলোতে ভালো ও আধুনিক যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় ডাকাতির সঙ্গে সঙ্গে আমরা খবর পাচ্ছি না। এ কারণে সমস্যা হচ্ছে।’