জলদস্যুদের কাছে একে-৪৭ দমনে হিমশিম কোস্টগার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় এলাকায় জলদস্যুদের চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, জাল ও মাছ লুট, হত্যাসহ নানা তত্পরতায় জেলেরা অতিষ্ঠ। জলদস্যুদের মোকাবিলায় হিমশিম খাচ্ছে কোস্টগার্ডও। গত ২২ জানুয়ারি রাতে বরগুনার আমতলী উপজেলার আশারচরে জলদস্যুদের সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হন কোস্টগার্ড সদস্যদের বহনকারী ট্রলারের এক মাঝি। বন্দুকযুদ্ধ চলাকালে জলদস্যুদের হাতে অপহূত হন ১০ জেলে। মোট নয় লাখ টাকার বিনিময়ে গত মঙ্গলবার তাঁরা ছাড়া পান। এ পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম উপকূলের দেড় লাখ জেলের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়েছে।এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার কমান্ডার সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ২২ জানুয়ারির সংঘর্ষে জলদস্যু জুলফিকার বাহিনীর সদস্যদের ব্যবহূত অস্ত্রের মধ্যে একে-৪৭ রাইফেলও ছিল। ধারণা করা হচ্ছে, তাদের কাছে আরও অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক রয়েছে।অস্ত্রের উত্স সম্পর্কে জানতে চাইলে সাইদুর রহমান বলেন, ‘আমাদের ধারণা, পিলখানায় বিদ্রোহের পর পলাতক বিডিআর সদস্যদের কেউ কেউ জলদস্যু বাহিনীতে যোগ দিয়ে থাকতে পারেন। আর বিদ্রোহের সময় খোয়া যাওয়া অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ এমনকি আর্জেস গ্রেনেডও পলাতক বিডিআর সদস্যদের কাছে থাকতে পারে। বন্দুকযুদ্ধের পর ওই ধারণা আরও পাকাপোক্ত হয়।’ তিনি বলেন, এ অবস্থায় কোস্টগার্ডের লোকবল ও অবকাঠামোর উন্নয়ন ছাড়া জলদস্যুদের দমন করা কঠিন।কোস্টগার্ডের পশ্চিম জোনে কর্মরত পেটি অফিসার শফিউল আলম প্রথম আলোকে জানান, গত ২৮ জানুয়ারি বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় জুলফিকার বাহিনীর সদস্যদের অবস্থানের খবর পেয়ে সেখানে কোস্টগার্ড অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট উভয় পক্ষে গোলাগুলির পর জলদস্যুরা পালিয়ে যায়। কোস্টগার্ড সেখান থেকে এক জেলেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বাগেরহাট জেনারেল হাসপাতালে পাঠায়।কোস্টগার্ডের আরেকটি সূত্রে জানা যায়, গত নভেম্বরের প্রথম দিকে পাথরঘাটা এফবি বকর নামের একটি মাছধরা ট্রলার জলদস্যু নাসির (মেজ ভাই বাহিনী) বাহিনীর সদস্যরা ছিনতাই করলে কোস্টগার্ডের পশ্চিম জোনের সদস্যরা তাদের ধাওয়া করেন। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়। আটক করা হয় ছয়জনকে।জলদস্যুদের নেটওয়ার্ক: জলদস্যুদের ক্ষমতা সম্পর্কে বরগুনার পাথরঘাটার পদ্মা আউটপোস্টের কমান্ডার জাহিদ রেজওয়ান প্রথম আলোকে বলেন, সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের প্রবেশমুখে বর্তমানে রাজু ও জুলফিকার নামে জলদস্যুদের সক্রিয় দুটি বাহিনী রয়েছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি, কটকা, দুবলা ও সংলগ্ন বঙ্গোপসাগরে তাদের তত্পরতা বিস্তৃত। ১০০-১৫০ সদস্যের একেকটি বাহিনীর রয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র ও পর্যাপ্ত বিস্ফোরক। তাদের নির্দিষ্ট পোশাক ও পদবিও রয়েছে। এ অঞ্চলের জেলেরা সমুদ্রগামী ট্রলারে সর্বোচ্চ ২৫ অশ্বশক্তির ইঞ্জিন ব্যবহার করেন। সেখানে এই জলদস্যুরা ৫৬ অশ্বশক্তির ইঞ্জিনের ট্রলার ব্যবহার করে। এ অবস্থায় প্রয়োজনের তুলনায় কম লোকবল ও ভাড়া করা ট্রলার নিয়ে জলদস্যুদের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে কোস্টগার্ড। ঝুঁকির মুখে দেড় লাখ জেলে: বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, জলদস্যুদের হাতে অপহূত ১০ জন জেলে গত মঙ্গলবার মোট নয় লাখ টাকার বিনিময়ে ছাড়া পান। জলদস্যুদের তাণ্ডবে দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রায় দেড় লাখ জেলের জীবন-জীবিকা এখন ঝুঁকির মুখে।পাথরঘাটা জেলে সমিতির সভাপতি দুলাল মাঝি বলেন, ‘জলদস্যুরা এখন এতটাই শক্তিশালী ও বেপরোয়া হয়ে উঠেছে যে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও ভরসা রাখতে পারছি না।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে দেশের উপকূলে নিরাপত্তা রক্ষায় গঠিত কোস্টগার্ডে বর্তমানে প্রায় এক হাজার ২০০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। প্রায় ৪৮ হাজার বর্গকিলোমিটার উপকূলীয় অঞ্চলকে তিনটি জোনে ভাগ করে এই বাহিনীর কার্যক্রম চলছে। বৃহত্তর বরিশাল ও সুন্দরবনের কিছু অংশ নিয়ে দক্ষিণ জোন, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল নিয়ে পূর্ব জোন এবং খুলনা অঞ্চল নিয়ে পশ্চিম জোন। এসব জোনের আওতায় রয়েছে ৯ থেকে ১২টি করে ঘাঁটি। আর জোনের দায়িত্বে রয়েছেন নৌবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার একজন কর্মকর্তা।