দীর্ঘ ১২ দিন পর আজ বুধবার দুপুরে লুকিয়ে স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছেন সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজের এক কনিষ্ঠ কর্মকর্তা। জিম্মি ২৬ জন বাংলাদেশির অন্যতম ওই কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা এ মুহূর্তে সুস্থ আছেন। পরিবারের অনুরোধে প্রথম আলো তাঁদের পরিচয় প্রকাশ থেকে বিরত থাকছে।এদিকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, জিম্মি সব বাংলাদেশিসহ ছিনতাই হওয়া জাহাজ ‘জাহান মণি’ সম্ভাব্য স্বল্পতম সময়ে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে। মন্ত্রী আজ তাঁর কার্যালয়ে জিম্মি জাহাজের কর্মীদের স্বজনদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এ তথ্য জানান।দেশে যোগাযোগ করা ওই জাহাজের কর্মকর্তার স্ত্রী প্রথম আলোকে জানান, আজ দুপুর সোয়া দুইটায় তিনি স্বামীর ফোন পান। ‘আমার স্বামী বলেন, তখন তিনি জাহাজের ইঞ্জিনরুমে কাজ করছেন। ফোন করেছেন লুকিয়ে। হঠাত্ লাইন কেটে গেলে বুঝে নিতে হবে জলদস্যুরা আশপাশে আসছে,’ বললেন ১২ দিন পর প্রিয়জনের কণ্ঠ শুনতে পেয়ে আবেগে আপ্লুত এ নারী। তাঁদের আলাপচারিতা কয়েক মিনিট স্থায়ী হয়।জিম্মি ওই বাংলাদেশি স্ত্রীকে জানিয়েছেন, আপাতত আটক ব্যক্তিদের খাবারের কষ্ট নেই। তবে তাঁদের সীমিত পরিমাণে খেতে দেওয়া হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আটক ব্যক্তিরা তাঁদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। পরিবারের সঙ্গে মন্ত্রীর কথা: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ জিম্মি ২৬ জন বাংলাদেশির পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কার্যালয়ে কথা বলেছেন। মন্ত্রী তাঁদের এ কথা বলে আশ্বস্ত করেছেন, জিম্মি ব্যক্তিদের উদ্ধারে সরকার সম্ভাব্য সব ধরনের প্রয়াস চালাচ্ছে। যত শিগগির সম্ভব তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মন্ত্রী তাঁদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান। এ সাক্ষাতের পর দীপু মনি সাংবাদিকদের বলেন, ‘সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মিদের সম্ভাব্য স্বল্পতম সময়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের প্রত্যাশা তাঁদের নিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ নিরাপদে দেশে ফিরবে।’ ‘কত দিনের মধ্যে জিম্মিদের দেশে ফিরিয়ে আনা যাবে?’ জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রীর দায়িত্বে থেকে অনুমান করাটা সমীচীন নয়। তাঁদের যত দ্রুত সম্ভব দেশে আনার ব্যাপারে আমাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে।’সাম্প্রতিক সময়ে সোমালিয়ার উপকূলীয় অঞ্চলে জলদস্যুদের হাতে আটকের ঘটনার একটি পরিসংখ্যান উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৮ সালে জিম্মিদের আটক রাখার গড় সময়সীমা ছিল ৪৩ দিন। ২০০৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৯০ দিন। আর এ বছর আরও বেড়ে ১৪১ দিনে উঠেছে।