জলপথে দুঃসাহসী লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধকালে বাঙালি নৌসেনা এবং মুক্তিবাহিনীর কিছু সদস্য নিয়ে একটি নৌ কমান্ডো বাহিনী গঠন করা হয়। মুর্শিদাবাদের পলাশীতে তাদের একত্র করে ১৩ মে থেকে ভাগীরথী নদীতে প্রশিক্ষণ শুরু হয়। কমান্ডোদের মোট সংখ্যা ছিল প্রায় ৫০০। তাঁদের শত্রুর নৌযান ধ্বংস করার প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৭১ সালের ১৫ ও ১৬ আগস্ট বাংলাদেশের ভেতরে নৌ কমান্ডোরা একত্রে ছয়টি অবস্থানে অভিযান পরিচালনা করেন। এই অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত। অভিযানে ছয়টি দলে মোট ১৬০ জন কমান্ডো অংশ নেন। ১ থেকে ৪ আগস্টের মধ্যে দলগুলোকে পলাশী থেকে আগরতলায় নিয়ে যাওয়া হয়। ৮ আগস্ট থেকে বিভিন্ন পথে দলগুলো নিজ নিজ লক্ষ্যস্থলে রওনা দেয়। নৌ কমান্ডোদের ২০ জনের একটি দলের লক্ষ্যবস্তু ছিল চাঁদপুর নৌবন্দর। দলনেতা বদিউল আলম। অভিযানের জন্য প্রত্যেককে বইতে হয় ২০ কেজি করে অতিরিক্ত ওজন। ৮ আগস্ট সীমান্ত পেরিয়ে হানাদারদের তল্লাশি চৌকি, টহল দল ও প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে ১৩ আগস্ট দলটি চাঁদপুরে পৌঁছায়। ১৩ আগস্ট সকাল সাড়ে সাতটায় আকাশবাণী কলকাতার ‘খ’ কেন্দ্র থেকে পঙ্কজ মল্লিকের গাওয়া ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান’ বেজে ওঠে। এটি ছিল অপারেশন জ্যাকপটের ‘সংকেত-সংগীত’। এটি বাজলে কমান্ডোরা অভিযানের প্রস্তুতি নেন। দলনেতা বন্দরের জাহাজ এবং শত্রুসৈন্যদের অবস্থান ও শক্তি সম্পর্কে খবর নেন।১৪ আগস্ট সকালে একই কেন্দ্র থেকে দ্বিতীয় ‘সংকেত-সংগীত’ বাজার কথা থাকলেও তা বাজেনি। ফলে সেদিন অভিযান স্থগিত রাখা হয়। ১৫ আগস্ট সকালে ‘সংকেত-সংগীত’ অর্থাৎ ‘আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি’ বেজে ওঠে। দলনেতা ছয় ভাগে দলটিকে ভাগ করে ছয়টি টার্গেট নির্ধারণ করেন। প্রতি ভাগে তিনজন করে কমান্ডো দেওয়া হয়। দুজন কমান্ডো অভিযান শেষে দলের সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নৌকাসহ নির্ধারিত স্থানে অবস্থান নেন।মধ্যরাতে ১৮ জন কমান্ডোর প্রত্যেকে বুকে একটি করে মাইন বেঁধে মেঘনা ও ডাকাতিয়ার মোহনায় গিয়ে পানিতে নেমে পড়েন। নিঃশব্দে প্রবল স্রোতে সাঁতরে নিজ নিজ লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাঁরা। বন্দর এলাকা আলোয় উজ্জ্বল বলে লক্ষ্যবস্তু নির্ধারণে অসুবিধা হচ্ছিল না। কিন্তু বন্দর আর জাহাজের সার্চ লাইট ঘুরে ঘুরে নদীটিকে আলোকিত করে দিচ্ছিল। সে আলো থেকে সতর্ক থাকতে হচ্ছিল তাঁদের। কোনো বিপদ ছাড়াই কমান্ডোরা নিজ নিজ লক্ষ্যবস্তুতে পৌঁছে জাহাজ ও বার্জের গায়ে মাইনগুলো স্থাপন করেন। মাইনের সঙ্গে রাবারের ক্যাপ খুলে দিয়ে কমান্ডোরা ধীরে ধীরে সরে আসেন। কমান্ডোদের ফেরত আসার পথ মসৃণ হলো না। যে পথে কমান্ডোদের ফেরত আসার কথা ছিল, সেটি ভালো করেই আগে পর্যবেক্ষণ করা হয়েছিল। কিন্তু সেদিন সন্ধ্যার পর হানাদারদের একটি জাহাজ সেখানে নোঙর করায় কমান্ডোদের ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়। কমান্ডোরা নিজেদের মধ্যে যোগাযোগ হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে মাইন বিস্ফোরণে পুরো বন্দর এলাকা কেঁপে ওঠে। পাকিস্তানি সেনারা হকচকিত হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।হঠাৎ উদ্ভূত এই পরিস্থিতিতে কমান্ডোরা নানা দিকে ছড়িয়ে পড়ায় পূর্বনির্ধারিত জায়গায় ফেরত আসতে পারেননি। তবে কমান্ডোরা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে, বিপদ সামলে এবং সাধারণ মানুষের সহযোগিতায় কোনো ক্ষতি ছাড়াই শেষ পর্যন্ত আগরতলায় ফিরে আসেন।