জলপ্রপাত দেখতে এসে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড় করানো, তার পাশ দিয়ে অন্য একটি বাস অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বাসটি প্রায় উল্টে যাওয়ার অবস্থা। চালকের সতর্কতায় যাত্রীরা এ যাত্রা রক্ষা পায়। কিন্তু বাসটির বাঁ পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। টাঙ্গাইল জেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা ওই বাসে মাধবকুণ্ড জলপ্রপাতে শিক্ষাসফরে এসেছিলেন। বাসচালক সিরাজুল ইসলাম (৪০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘রাস্তাটা একেবারে চিপা (সরু)। পার্কিংয়ের জায়গাও নাই। তাই রাস্তার ওপরেই গাড়ি দাঁড় করাইয়া রাখতে হচ্ছে।’ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে আসা পর্যটকদের এভাবেই দুর্ভোগ পোহাতে হয়।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-চাঁন্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার কাঁঠালতলি বাজার থেকে পূর্ব দিকে একটি পাকা রাস্তা মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা পর্যন্ত গিয়েছে। সেটির দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার। সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলপ্রপাতে প্রবেশের আগে চালকেরা রাস্তার দুই পাশে যানবাহন পার্কিং করে রাখেন। এ জন্য যানজটের সৃষ্টি হয়।পর্যটকদের অভিযোগ, রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে রাখলেও পার্কিংয়ের জন্য ভাড়া দিতে হয়। পার্কিং ইজারাদার জাহাঙ্গীর আলম জানান, পার্কিংয়ের জন্য বরাদ্দ নির্দিষ্ট জায়গায় ১৫-২০টি যানবাহন রাখা যায়। এটি জেলা পরিষদ বরাদ্দ দিয়েছে। কর্তৃপক্ষকে জায়গা বাড়িয়ে দিতে অনুরোধ করেছি। এখনো জায়গা বাড়ানো হয়নি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই রাস্তার পাশে দাঁড় করানো সব যানবাহন থেকে ভাড়া আদায় করা হচ্ছে।জলপ্রপাতে প্রবেশের মূলফটকের ইজারাদার কামাল হোসেন জানান, সপ্তাহের শুক্র ও শনিবার ছুটি থাকায় এখানে পর্যটকদের সমাগম বেশি ঘটে।মাধবকুণ্ড ইকোপার্কের বিট কর্মকর্তা মনিরুল হক জানান, মূলফটক থেকে জলপ্রপাত পর্যন্ত আধাপাকা রাস্তা বন বিভাগ এবং কাঁঠালতলি থেকে আসা মূল রাস্তাটি এলজিইডি তত্ত্বাবধান করে। তিনি জানান, জলপ্রপাতের সৌন্দর্য বৃদ্ধি, পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাসহ এর সার্বিক উন্নয়নে বন বিভাগ একটি প্রকল্প নিয়েছে। ওই প্রকল্পের কাজ আগামী কয়েক মাসের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জর্জেস মিয়া বলেন, ‘পার্কিংয়ের জায়গার জন্য মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে একটি চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। জায়গা পাওয়া গেলে সমস্যা কাটিয়ে ওঠা যাবে।’জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম বলেন, ‘রাস্তার দুরবস্থা দেখে আমারও কষ্ট লেগেছে। এটি সম্প্রসারণের প্রস্তাব অনুমোদনের জন্য চেষ্টা চলছে।’