জলবায়ু-পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ৪টি প্রকল্প অনুমোদন
জলবায়ু-পরিবর্তন (ক্লাইমেট চেঞ্জ) ট্রাস্ট ফান্ডের আওতায় আজ মঙ্গলবার চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। দুপুর ১২টায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্ট ফান্ড-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মধ্যে একটি হলো চট্টগ্রামের ভাটিয়ারিতে বোটানিক্যাল গার্ডেন স্থাপন, বাংলাদেশের বনগুলোর ডিজিটাল মানচিত্র তৈরি, চট্টগ্রামের কুমিরা ফেরীঘাট মেরামত, উড়িরচর ও নোয়াখালীর মাঝামাঝি স্থানে একটি ক্রকজ্যাম (বাঁধ) নির্মাণ।বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান, বন ও পরিবেশসচিব মিহির কান্তি মজুমদার প্রমুখ।সভা শেষে সাংবাদিকদের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কাছে যে ১২টি প্রকল্পের প্রস্তাবনা পাওয়া গিয়েছিল, তা এই সভায় উপস্থাপন করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে তা করা যায়নি।সভায় অনুমোদিত প্রথম প্রকল্পটি হলো চট্টগ্রামের ভাটিয়ারিতে ৬৫০ একর জমির ওপর বন বিভাগের পরিচালনায় বোটানিক্যাল গার্ডেন স্থাপন করা। আগামী দুই বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। চলতি বছরে প্রকল্পটির কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৮০ লাখ টাকা। চট্টগ্রাম গলফ ক্লাবের বিপরীতে এটি স্থাপন করা হবে। এখানে বাংলাদেশের বিভিন্ন বিপন্নপ্রায় প্রজাতির প্রাণী আনা হবে ও গাছ লাগানো হবে।অনুমোদন পাওয়া দ্বিতীয় প্রকল্পটি হলো বাংলাদেশের বনগুলোর ডিজিটাল মানচিত্র তৈরি করা। এটি তৈরি হলে বন বিভাগ বা মন্ত্রণালয়ে বসেই বাংলাদেশের যেকোনো এলাকার সবচেয়ে ছোট বনভূমিও পর্যবেক্ষণ করা যাবে। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পারসোকেও এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এর ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। দুই বছরের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।তৃতীয় প্রকল্প হলো চট্টগ্রামের কুমিরা ফেরীঘাটটি মেরামত করা। এটি মেরামত করা হলে চট্টগ্রামের সঙ্গে সন্দীপের যোগাযোগ আরও সহজ হবে।চতুর্থ প্রকল্প হলো উড়িরচর ও নোয়াখালীর মাঝামাঝি স্থানে একটি ক্রকজ্যাম নির্মাণ করা। এই ক্রকজ্যামের সাহায্যে বঙ্গোপসাগর থেকে ৬০০ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা যাবে। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা। তবে চলতি বছর এতে প্রথম পর্যায়ের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। পরে বাকিটা বরাদ্দ করা হবে। দুই বছরের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এটি বাস্তবায়ন করবে।