জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু ও পরিবেশ বিনষ্টের বর্তমান ধারা পরিবর্তন করতে না পারলে পরবর্তী প্রজন্মকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ জন্য তারা তাদের পূর্ববর্তী প্রজন্মকে কখনো ক্ষমা করবে না। তিনি টেকসই পরিবেশ ও উন্নয়নের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এখনই একক, স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।প্রধানমন্ত্রী আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘কমিউনিটি বেইজড অ্যাডাপটেশান টু ক্লাইমেট চেঞ্জ’ বিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভার্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি) যৌথভাবে চার দিনের এ সম্মেলনের আয়োজন করে। এতে জলবায়ু বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সুশীল সমাজের সদস্য, কমিউনিটি পিপল ও সংবাদমাধ্যমের সদস্যরা অংশ নিচ্ছেন।বিশ্বব্যাপী পরিবেশ ও উন্নয়ন বিশেষজ্ঞদের কমিউনিটি-ভিত্তিক অভিযোজন বিষয়ে কাজ করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গ্রিন হাউস গ্যাস নির্গমনে জলবায়ু ও পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তা মোকাবিলার জন্য বহু কমিউনিটিকে অভিযোজন-পদ্ধতি গ্রহণ করতে হচ্ছে। বিভিন্ন জনগোষ্ঠী, বিশেষ করে দরিদ্র মানুষ এসব পরিবর্তনের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। এজন্য তিনি জলবায়ু পরিবর্তনবিষয়ক সমস্যা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক তথ্য ও জ্ঞানভান্ডারে বিজ্ঞানীদের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠী, স্থানীয় সরকার ও বেসরকারি সংস্থাগুলোর অবাধ প্রবেশাধিকারের প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধানমন্ত্রী অভিযোজন বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে নিজেদের প্রস্তুত করতে পারস্পরিক শিক্ষার প্রক্রিয়া আরও জোরদারের আহ্বান জানিয়ে বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে জলবায়ু পরিবর্তনে বিশ্বের সব দেশ সমানভাবে দায়ী। ধনী ও উন্নত দেশগুলো এ সমস্যার জন্য প্রাথমিকভাবে দায়ী। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও প্রত্যাশিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। এই প্রেক্ষাপটে পরিবেশসংক্রান্ত সমস্যা অভিযোজনের মাধ্যমে নিরসনে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজি অ্যান্ড অ্যাকশন প্লান’ তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে নিজস্ব তহবিল থেকে দুই হাজার ৫০০ কোটি টাকা (৩৫০ মিলিয়ন ডলার) দিয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এ ফান্ডের আওতায় ১৩৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এসব প্রকল্প বাস্তবায়ন করছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার ৬৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, এ সমস্যা এতটাই ব্যাপক যে বাংলাদেশের একার পক্ষে এর সমাধান দেওয়া সম্ভব নয়। এজন্য উন্নয়ন সহযোগীদের সহায়তায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড’ গঠন করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে এ তহবিলে এ পর্যন্ত ১৮৯.৫ মিলিয়ন ডলার সহায়তা পাওয়া গেছে। তিনি এ সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সমস্যার ব্যাপকতার কারণে এর সমাধানে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী তাদের সীমিত সম্পদ ও সামর্থ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অসাধারণ অভিযোজন ক্ষমতার পরিচয় দিয়েছে। এটা সম্ভব হয়েছে তাদের দীর্ঘ অভিজ্ঞতা, স্থানীয় জ্ঞান ও বিদ্যমান সমাজ কাঠামোর কারণে। বিজ্ঞানী, পরিকল্পনাবিদ ও নীতিনির্ধারকেরা এসব অভিজ্ঞতা ও জ্ঞান থেকে লাভবান হতে পারেন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর অন্যতম সদস্য হিসেবে বাংলাদেশ জাতিসংঘ জলবায়ুবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের বিভিন্ন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।