জলবায়ুর প্রভাব মোকাবিলার ধীরগতিতে প্রধানমন্ত্রীর অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার অপর্যাপ্ততা ও ধীরগতিতে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে ঝুঁকি এবং সামর্থ্যের ঘাটতিকে বিবেচনায় নিয়ে একটি মানদণ্ড তৈরির আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘সক্ষম দেশগুলোর কাছ থেকে সহজে ও সরাসরি অর্থ এবং প্রযুক্তি পাওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। এ ছাড়া যেসব শর্ত দেওয়া হচ্ছে, তা স্বল্পোন্নত অর্থনীতির দেশগুলোর জন্য গ্রহণযোগ্য নয়। অধিক ঝুঁকিপূর্ণ দেশগুলো এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পেতেও ব্যর্থ হচ্ছে।আজ সোমবার ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-২০১১-এর দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিভিএফ ফোরামের সভাপতি ও কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট জোসে মারিয়া ফিগোয়ার্স ওলস্যান, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম, কিরিবাতির শিক্ষামন্ত্রী তোয়াকাই কোরিওরইন্তিতাকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বক্তব্য দেন। সিভিএফ ফোরামের সদস্যদেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কোস্টারিকা, ইথিওপিয়া, গাম্বিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, নেপাল, ফিলিপাইন, সেইন্ট লুসিয়া, তাঞ্জানিয়া, তিমুর লেসতি, তুভালু, ভানুয়াতু এবং ভিয়েতনাম। বাসস।