জলবায়ুর ব্যাপারে জনমত গড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শিল্পোন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এ পরিবর্তনের নির্দোষ শিকার। পরিবেশ পরিবর্তনের বিরূপ প্রভাবে নির্দোষ জনপদের বিপন্নতা নিয়ে উন্নত দেশগুলোর তেমন তাড়না নেই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বাস্তবতার ব্যাপারে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন।বাংলাদেশের পরিবেশ ও উন্নয়ন সম্পর্ক-বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন নগরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্যোক্তা ছিলেন হার্ভার্ড মেডিকেল স্কুলের দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও পেশাজীবীরা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ইনস্টিটিউট ও পরিবেশ কেন্দ্র যৌথভাবে এ সেমিনারে সহযোগিতা করে।যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ১০টি অঙ্গরাজ্য থেকে শিক্ষার্থী ও পেশাজীবীরা দিনভর অনুষ্ঠিত এ সেমিনারে যোগ দিয়েছেন। নোবেল বিজয়ী পরিবেশবিদ জন ব্রায়ান সেমিনারে তাঁর মূল বক্তব্য উপস্থাপন করেন।সেমিনারে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তথ্য-উপাত্তসহ বিষয়ভিত্তিক আলোচনা হয়। বৈরী পরিস্থিতি মোকাবিলা করে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তোলার কর্মকৌশল নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। উন্নয়ন-সহযোগী ও দাতাগোষ্ঠীর আরও কার্যকর অংশগ্রহণের বিষয়টি সেমিনারে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।বিভিন্ন পর্বে আয়োজিত বিষয়ভিত্তিক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য উন্নত দেশগুলো বাংলাদেশকে পর্যাপ্ত প্রতিশ্রুত সাহায্য প্রদান করছে না। বারবার প্রতিশ্রুতি দিলেও তহবিলে অর্থ সহযোগিতা নেহায়েতই অপ্রতুল।জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত নতুন প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সোচ্চার হতে হবে। যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে জনমতের প্রভাব একটি চাপ হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। সেমিনারের বিভিন্ন পর্বে ড. আবু হাসনাত, ড. সাজেদ কামাল, অজয় নারায়ণ, ড. সৈয়দ আহমেদ, ফাইরাজ আহমেদ, ড. রুহুল আমিন, ড. নুরুল আমিন, ড. জে রবার্টস, ইকবাল ইউসুফ, ড. চার্লস এফ হারভে, ড. মৈত্রেয় মজুমদার, ড. বিমল পাল, ড. ফরিদা খান, ড. আব্দুল্লাহ শিবলি, সালিমুল হক, জেসিফা চৌধুরী ও সাংবাদিক মুকিদ মজুমদার আলোচনা করেন।