জলবায়ু অভিযোজনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ তার জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলা-সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে বড় ধরনের আন্তর্জাতিক সহযোগিতা এবং কারিগরি ও আর্থিক সহায়তা প্রত্যাশা করে।’আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বিদায়ী ডাচ রাষ্ট্রদূত আলফন্স হেনিকেন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় শেখ হাসিনা এসব কথা বলেন। সাক্ষাতের সময় তিনি ব্যবসা-বাণিজ্য, নদী খনন, জাহাজ নির্মাণ ও বিদ্যুত্ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে বৃহত্তর অংশীদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ‘বাংলাদেশ ডেল্টা প¬ন ২১০০’ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বন্ধন জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।শেখ হাসিনা আরও বলেন, টেকসই ডেল্টা ম্যানেজমেন্ট সমন্বিত পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে কৌশলগত অংশীদারির জন্য এই এমওইউ হবে একটি চমত্কার দলিল।অনুষ্ঠানে অ্যাম্বাসেডর এট-লার্জ মো. জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াজিদ উজ-জামান উপস্থিত ছিলেন। বাসস।