বিশ্ব জলবায়ু সম্মেলনের পঞ্চম দিনে এসে হতাশার মধ্যে আশার বাণী শোনালেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কনভেনশনের (ইউএনএফসিসি) নির্বাহী চেয়ারম্যান ক্রিস্টিনা ফিগুইরা।সম্মেলনে আসা প্রতিনিধিদের হাল না ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মেলন নিয়ে বেশি পরিমাণে হতাশা ছড়ানো হচ্ছে। কিন্তু কার্বন নিঃসরণ ও জলবায়ু তহবিল নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) এই তহবিল থেকে সুবিধা পাবে।গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বেলা সোয়া একটায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।এদিকে গতকাল জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি কাঠামো চূড়ান্ত হয়েছে। এই কাঠামোর আওতায় জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত ও ধীরগতির ক্ষতি নিরূপণ করা যাবে। ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্ষতিপূরণ পাবে। ইউএনএফসিসির ‘লস অ্যান্ড ড্যামেজ’ নামের একটি আলাদা কমিটি এই কাঠামো চূড়ান্ত করেছে। বাংলাদেশ ও কানাডা এই কমিটির চেয়ারম্যান হিসেবে এ কাঠামো চূড়ান্ত করেছে। এই কাঠামোতে জলবায়ু পরিবর্তন বিষয়ে দুই ধরনের ক্ষতির বিষয় যুক্ত করা হয়েছে। একটি ঝড়-জলোচ্ছ্বাসের মাধ্যমে হঠা ৎ ঘটে যাওয়া ক্ষতি; অন্যটি মরুকরণ ও লবণাক্ততা বাড়ার মতো ধীরগতির ক্ষতি।এত দিন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু অভিযোজন নামে একটি খাতের কথা উল্লেখ ছিল। আগামী বছর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় পরবর্তী জলবায়ু সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ে একটি স্বতন্ত্র তহবিল তৈরি হবে। গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে এ খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দের সুযোগ রাখা হবে।বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য মনজুরুল হান্নান খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এই খাত চূড়ান্ত হওয়ায় গ্রিন ফান্ড থেকে বাংলাদেশের পক্ষে অর্থ পাওয়া সহজ হবে। ফলে সিডর ও আইলার পাশাপাশি ধীরগতির জলবায়ুজনিত ক্ষতির জন্য বাংলাদেশ সহায়তা পাবে।ক্রিস্টিনা ফিগুইরা গতকালের সংবাদ সম্মেলনে আরও বলেন, ডারবান জলবায়ু সম্মেলন নিয়ে চারদিকে হতাশা ছড়ানো হচ্ছে। কিন্তু কিয়োটো প্রটোকল চুক্তির দ্বিতীয় পর্বের কার্বন নিঃসরণ অঙ্গীকারের ব্যাপারে আলোচনা এখনো চলছে। বেশির ভাগ শিল্পোন্নত দেশ ২০১২ সালের পরও কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে রাজি হয়েছে।‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ নিয়েও বেশ কিছু অগ্রগতি আছে উল্লেখ করে ক্রিস্টিনা বলেন, এলডিসির জন্য সুসংবাদ আছে। কেননা, এই তহবিল থেকে অভিযোজন খাত এবং লস অ্যান্ড ড্যামেজ খাতে (জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি) অর্থ বরাদ্দের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে। এই দুই বিষয়ে আলাদা বরাদ্দ থাকবে উল্লেখ করে তিনি বলেন, এখান থেকে স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপদেশগুলো সহযোগিতা পাবে।ফিগুইরা আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বের বৃহ ৎ কার্বন নিঃসরণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। আশা করা যায়, এই আলোচনা সফলতার মুখ দেখবে।গতকাল বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা উন্নয়ন অন্বেষণের পক্ষ থেকে সম্মেলনকেন্দ্রে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বলা হয়, বর্তমান জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের এক কোটি ৯০ লাখ মানুষ খাদ্যসংকটে পড়বে। চলতি শতাব্দীর মধ্যে তিন কোটি ১০ লাখ মানুষ বসতভিটা হারাবে।